করণীয়টাই করবে সরকার: হানিফ

বর্তমান পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার করণীয়টাই করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। আজ শনিবার সকাল ১০টার দিকে কুষ্টিয়ায় নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। তিনি তাঁর বাড়িতে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করেন।বিএনপির চেয়ারপারসন
খালেদা জিয়ার উদ্দেশে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘এ রকম হীন মানসিকতাসম্পন্ন কোনো রাজনৈতিক নেত্রী হতে পারে, সেটা জানা ছিল না। তাঁর কর্মকাণ্ড জাতির কাছে উন্মোচিত হয়েছে।’ এর সঙ্গে তিনি যোগ করেন, সরকারের আইনশৃঙ্খলাÿরক্ষাকারী বাহিনী পরিস্থিতি স্বাভাবিক করতে যা যা করণীয়, সেটাই করবে।
হানিফ অভিযোগ করেন, রাষ্ট্রক্ষমতা দখল করা এবং তাঁর নিজের ও দুর্নীতিবাজ ছেলেদের রক্ষা করাই তাঁর মূল লক্ষ্য। দেশের ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাক, তাতে তাঁর কোনো কিছু যায় আসে না।
বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তারের মধ্য দিয়ে সব সমস্যার সমাধান হবে কি না—এমন প্রশ্নের জবাবে মাহবুব-উল আলম হানিফ বলেন, কোনো রাজনৈতিক দলের নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে না। যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত, যাদের বিরুদ্ধে গাড়িতে আগুন দেওয়া এবং মানুষকে পুড়িয়ে হত্যা করার সুনির্দিষ্ট অভিযোগ আছে, তাদের গ্রেপ্তার করা হচ্ছে।
এ সময় সেখানে জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দীন খান, সহসভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলীসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।