
চট্টগ্রাম সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভায় বিএমএ (বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন) চট্টগ্রাম শাখার নির্বাচনে একটি পরিষদের পক্ষে ভোট চেয়েছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি মুজিব-ফয়সল পরিষদকে ভোট দিতে চিকিৎসকদের প্রতি অনুরোধ করেন। সভার মঞ্চে মুজিব-ফয়সল পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদকসহ পাঁচ নেতা উপস্থিত ছিলেন। বিএমএ চট্টগ্রাম শাখার নির্বাচনে এবার আওয়ামী লীগপন্থী চিকিৎসকদের সংগঠন স্বাচিপ থেকে দুটি প্যানেল অংশ নিচ্ছে।
গতকাল সোমবার দুপুরে আন্দরকিল্লায় অবস্থিত নগর ভবনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ এই সভার আয়োজন করে। সভায় প্রায় ১০০ চিকিৎসক উপস্থিত ছিলেন।
আগামী বৃহস্পতিবার নগরের ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে স্বাচিপ থেকে নাসির উদ্দিন মাহমুদ-আ ম ম মিনহাজুর রহমান পরিষদও অংশ নিচ্ছে। চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী এই পরিষদকে সমর্থন দিয়েছেন।
গতকালের সভার শুরুতে সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ আলী স্বাস্থ্যসেবাসংক্রান্ত বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরেন। স্বাগত বক্তব্য দেন করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেলিম আকতার চৌধুরী। তিনি নিজেও মুজিব-ফয়সল পরিষদের সহসভাপতি প্রার্থী। তবে তিনি ভোট চাননি।
সভায় মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ২২ ডিসেম্বর বিএমএর নির্বাচন। ৩০ বছরের বেশি সময় ধরে চিকিৎসকদের সঙ্গে তাঁর আত্মার সম্পর্ক গড়ে উঠেছে। তিনি বলেন, ‘আমি সরাসরি কথা বলি। এখানে নিরপেক্ষ থাকার কোনো সুযোগ নেই। এই প্যানেলের (মুজিব-ফয়সাল) এ টু জেড সবাইকে ভোট দেবেন। কারও প্রতি ক্ষোভ, রাগ, কষ্ট ও অভিমান থাকতে পারে। আমি অনুরোধ করব, সবকিছু ভুলে গিয়ে ভোট দেবেন। এর সঙ্গে আমার মানসম্মান জড়িত। রাগ ক্ষোভ ভুলে গিয়ে মনে করবেন এই ভোটটা আমাকে দিচ্ছেন।’
সভায় বিএমএ নির্বাচনে স্বাচিপের এক পক্ষের সভাপতি প্রার্থী মুজিবুল হক খান ও সাধারণ সম্পাদক প্রার্থী মো. ফয়সল ইকবাল চৌধুরী তাঁদের পরিষদের পক্ষে ভোট দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান।
করপোরেশনের স্বাস্থ্য বিভাগের সমন্বয় সভায় এভাবে চিকিৎসকদের কাছে একটি পরিষদের পক্ষে মেয়রের ভোট চাওয়ার সমালোচনা করেছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী স্বাচিপের নাসির উদ্দিন মাহমুদ-আ ম ম মিনহাজুর রহমান পরিষদ। পরিষদের সাধারণ সম্পাদক প্রার্থী মিনহাজুর রহমান বলেন, ‘একজন মেয়র হিসেবে তিনি নির্বাচনে একটি পক্ষের জন্য করপোরেশনের সমন্বয় সভায় ভোট চাইতে পারেন না। তিনি ওই পরিষদের কোনো অনুষ্ঠানে গিয়ে ভোট চাইলে আপত্তি ছিল না। আর ওই সময়ে চিকিৎসকদের করপোরেশনে নিয়ে যাওয়ায় রোগীরা কাঙ্ক্ষিত সেবা পায়নি।’
তবে সমন্বয় সভার জন্য স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার কোনো ব্যাঘাত ঘটেনি বলে জানান সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেলিম আকতার চৌধুরী। কার আমন্ত্রণে সভায় বিএমএ নির্বাচনে একটি প্যানেল উপস্থিত ছিল—জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
করপোরেশনের স্বাস্থ্য বিভাগের সমন্বয় সভায় চিকিৎসকদের কাছে একজন মেয়র হিসেবে বিএমএর নির্বাচনে কোনো পরিষদের জন্য ভোট চাওয়াটা শোভনীয় নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ। তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘মেয়র যেহেতু দলের লোক, তিনি দলের পক্ষে ভোট চাইতে পারেন। কিন্তু বিএমএ একটি প্রফেশনাল বডি (পেশাজীবী সংগঠন)। সেখানের নির্বাচনে একটি প্যানেলের জন্য প্রতিষ্ঠানের (করপোরেশন) কর্মীদের কাছে মেয়রের ভোট চাওয়া ঠিক না। বিষয়টি শোভনীয় নয়। যদিও আইনগতভাবে তাঁকে কেউ বাধা দিতে পারবে না। আর অফিশিয়াল সভায় (দাপ্তরিক সভা) তো একেবারেই উচিত না।’