চট্টগ্রাম সিটি করপোরেশনের বিরুদ্ধে ১৯টি মামলা করেছেন প্রতিষ্ঠানটির ৮৯ কর্মকর্তা-কর্মচারী। চাকরি স্থায়ীকরণ, নিয়মিতকরণ, জ্যেষ্ঠতা লঙ্ঘন, পদোন্নতি, সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহারের জন্য এসব মামলা করা হয়। করপোরেশনের রাজস্ব, প্রকৌশল ও শিক্ষা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা এসব মামলা করেছেন।
করপোরেশন সূত্রে জানা গেছে, কর্মকর্তা-কর্মচারীদের মামলার কারণে করপোরেশনের সব ধরনের নিয়োগ, পদোন্নতি, চলতি ও অতিরিক্ত দায়িত্ব দেওয়া বন্ধ রয়েছে। এতে করপোরেশনের কার্যক্রমে স্থবিরতা বিরাজ করছে। প্রধান প্রকৌশলীর মতো গুরুত্বপূর্ণ পদে এক বছর ধরে কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। গত বছর বিজ্ঞপ্তি দেওয়া হলেও তৃতীয় শ্রেণির নিয়োগ প্রক্রিয়া স্থগিত রয়েছে।
সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির বলেন, ‘সবাইকে ডিঙিয়ে মামলা করার এই প্রবণতা বিপজ্জনক। এটি কোনোভাবেই কাম্য নয়। পুরো বিষয়টি দুঃখজনক। তাহলে মেয়র থেকে লাভ কী? করপোরেশন সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাজ (ফাংশন) কী? এভাবে মামলা করা মানে কর্তৃপক্ষকে চ্যালেঞ্জ করা।’
কর্মকর্তা-কর্মচারীদের করা মামলার জটিলতা দূর করতে গতকাল শনিবার সকালে বৈঠক করেছেন মেয়র। নগরের থিয়েটার ইনস্টিটিউটে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম, সচিব রশিদ আহমেদ ও আইনজীবী মকবুল আহমেদ।
বৈঠকে মেয়র করপোরেশনের কার্যক্রম গতিশীল করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের মামলা প্রত্যাহারের অনুরোধ জানান। তিনি কর্মকর্তা-কর্মচারীদের দাবি-দাওয়া পূরণের আশ্বাস দেন। এ সময় কয়েকজন মামলা প্রত্যাহার করতে চান বলে জানান।
কয়েকজন কর্মকর্তা-কর্মচারী গতকালের সভায় জানান যে মামলা করার ব্যাপারে সাবেক মেয়র ও সচিবের পরামর্শ ছিল। অবশ্য সভায় উপস্থিত করপোরেশনের সচিব রশিদ আহমেদ এ অভিযোগ অস্বীকার করেন। এ ছাড়া করপোরেশনের রাজস্ব বিভাগের একজন কর্মকর্তা জানান, তাঁরা ২৬ জন মামলা করার আগে রাজনৈতিক নেতা হিসেবে আ জ ম নাছিরের ‘অনুমতি’ নিয়েছিলেন বলে সভায় জানান। তাঁর এই বক্তব্যের কোনো জবাব দেননি মেয়র।
গতকালের বৈঠকে করপোরেশনের মেয়র বলেন, কর্মকর্তা-কর্মচারীদের মামলার কারণে করপোরেশনের কার্যক্রম বাধাপ্রাপ্ত হচ্ছে।
উচ্চ আদালতে অধিকাংশ মামলায় সিটি করপোরেশনের হেরে যাওয়া এবং আপিল করা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মেয়র আ জ ম নাছির উদ্দিন। তিনি বলেন, ‘কয়েকটা মামলায় আমরা দ্রুত হেরে গেছি। আবার কোনোটিতে গতি নেই। জনগণের ট্যাক্সের টাকায় এভাবে শুধু মামলা পরিচালনা করা ঠিক নয়।’
সিটি করপোরেশনের আইন কর্মকর্তা সরওয়ার-ই-আলম চৌধুরী মুঠোফোনে বলেন, কর্মকর্তা-কর্মচারীদের করা মামলার কারণে করপোরেশনের কাজের কোনো ক্ষতি হচ্ছে না। তাঁরা সবাই দায়িত্বে নিয়োজিত আছেন।