২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘উচ্চাকাঙ্ক্ষী’ বলছে বিএনপি। বাজেট বাস্তবায়নের সক্ষমতা নিয়ে দলটির প্রশ্ন আছে। এ ছাড়া তারা মনে করে, মাথাপিছু করের বোঝা বাড়বে।
আজ বুধবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২ জুন জাতীয় সংসদে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এরপর বিএনপির নেতারা বিচ্ছিন্নভাবে বাজেট নিয়ে তাঁদের প্রতিক্রিয়া জানান। তবে আজ দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হলো।
নানা পরিসংখ্যান তুলে ধরে মির্জা ফখরুল বলেন, বাজেটটি এক অর্থে গতানুগতিক। আর দূর অতীতের বাজেটের আকারের সঙ্গে তুলনা করলে প্রস্তাবিত বাজেটটি উচ্চাকাঙ্ক্ষী। অর্থমন্ত্রী নিজেও তা স্বীকার করেছেন।
বাজেট বাস্তবায়নের সক্ষমতা নিয়ে প্রশ্ন আছে বিএনপির।
২০১৬-১৭ অর্থবছরের জন্য রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে না বলে মনে করে বিএনপি।
বিএনপি বলছে, প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, এতে মাথাপিছু করের বোঝা বাড়বে।
বিএনপির ভাষ্য, দীর্ঘকাল ধরে বাজেটে অনুন্নয়ন ব্যয় প্রাধান্য দেশের জন্য মঙ্গলজনক নয়। বাজেটে অনুন্নয়ন ব্যয়ের বৃত্ত সংকুচিত করতে হবে। এটি করা সম্ভব হলে অধিক হারে জনকল্যাণ নিশ্চিত হবে।
বিএনপি মনে করে, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদের পক্ষেই সত্যিকারের দেশপ্রেম ও জনকল্যাণমুখী বাজেট দেওয়া সম্ভব। বর্তমান সংসদের সে রকম চরিত্র নেই। এ জন্য একটি সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন প্রয়োজন।