করোনায় সব মৃত্যুর দায় সরকারের: ছাত্র ইউনিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারকে জনবিচ্ছিন্ন, অগণতান্ত্রিক ও স্বৈরাচারী বলে আখ্যা দিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। করোনায় সব মৃত্যুর দায় সরকারের—এমন অভিযোগ করে সংগঠনটি বলেছে, করোনা মোকাবিলায় সরকারের সদিচ্ছা থাকলে চলমান বিরূপ পরিস্থিতি এড়ানো যেত। বাংলাদেশের জনগণ আজ সরকারের উদাসীনতার খেসারত দিচ্ছে।

আজ বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এসব কথা বলেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ফয়েজ উল্লাহ ও সাধারণ সম্পাদক দীপক শীল। দেশের মানুষকে বাঁচাতে সরকারের কাছে তাঁরা কয়েকটি দাবিও জানিয়েছেন। এগুলো হলো অবিলম্বে দেশের সব জেলা-উপজেলার হাসপাতাল-স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত অক্সিজেন ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করা, দক্ষ জনবল নিয়োগ, করোনা পরীক্ষার সংখ্যা বাড়ানো, শ্রমজীবী মানুষের জন্য রেশনের ব্যবস্থা এবং করোনার পরিস্থিতি নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ গ্রহণ।

বিবৃতিতে ছাত্র ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, ‘করোনা পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। লকডাউন-শাটডাউন দিয়েও সংক্রমণ ঠেকানো যাচ্ছে না। করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত। এমন অবস্থায় আমরা দেখছি ঢাকার বাইরের জেলাগুলোয়, বিশেষ করে সীমান্তবর্তী জেলাগুলোয় হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সগুলোয় তীব্র অক্সিজেন সংকট দেখা দিয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নেই। যতটুকু সরঞ্জাম রয়েছে, তা পরিচালনার জন্য দক্ষ জনবল নেই। দেশের মানুষের মধ্যে ভয় তৈরি হয়েছে। মৃত্যুর মিছিল ঠেকানো যাচ্ছে না কিছুতেই।

প্রতিনিয়ত আমাদের হৃদয়বিদারক সংবাদ ও চিত্র দেখতে হচ্ছে। অথচ সরকারের সদিচ্ছা থাকলে এমন পরিস্থিতি এড়ানো যেত।’

ছাত্র ইউনিয়নের বিবৃতিতে অভিযোগ করা হয়, দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের আগে সরকার পর্যাপ্ত সময় পেয়েছিল পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। সরকার অক্সিজেন সেবা নিশ্চিত, হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সগুলোয় পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জামের ব্যবস্থা এবং দক্ষ জনবল নিয়োগ দিতে পারত। কিন্তু সেই পথে না হেঁটে সরকার করোনা মোকাবিলায় মানুষের হার্ড ইমিউনিটির ওপর ভরসা রাখতে চাইল। আজ বাংলাদেশের জনগণ সরকারের এই উদাসীনতার খেসারত দিচ্ছে। সরকার দেশের জনগণের কথা চিন্তা না করে শুধু দলীয় লোকজনের পকেট ভরা ও বিদেশে টাকা পাচারের কথা চিন্তা করেছে। একটি জনবিচ্ছিন্ন, অগণতান্ত্রিক ও স্বৈরাচারী সরকারের কাছ থেকে এর চেয়ে বেশি কিছু প্রত্যাশা করা যায় না। করোনায় সব মৃত্যুর দায় সরকারের।