চট্টগ্রামের নবগঠিত কর্ণফুলী উপজেলা পরিষদের নির্বাচন পেছানোর দাবি জানিয়েছে বিএনপির কর্ণফুলী উপজেলা শাখা। দলের পক্ষ থেকে কর্ণফুলী উপজেলা কমিটির সভাপতি এহছান খান এ-সংক্রান্ত একটি চিঠি ৬ জুলাই চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তার মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারের কাছে পাঠিয়েছেন।
তফসিল অনুয়ায়ী, আগামী ২০ আগস্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। ২৪ জুলাই মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এতে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনে অংশ নেওয়ার প্রস্ততি শুরু করেছে।
চিঠিতে বর্ষা ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কথা বিবেচনা করে সাত দিনের মধ্যে নির্বাচন স্থগিতের আদেশ দেওয়া এবং শীত মৌসুমে তথা ডিসেম্বর অথবা ২০১৮ সালের জানুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানানো হয়।
গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান কর্ণফুলী থানা বিএনপির পক্ষ থেকে নির্বাচন পেছানো-সংক্রান্ত চিঠি পাওয়ার কথা স্বীকার করেন। তিনি বলেন, চিঠিটি প্রধান নির্বাচন কমিশনারের কাছে পাঠানো হবে। এ ব্যাপারে নির্বাচন কমিশন সিদ্ধান্ত দেবে।
চিঠিতে বলা হয়, কর্ণফুলী উপজেলা বঙ্গোপসাগর ও কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। উপজেলার ৫০ শতাংশ রাস্তাঘাট এখনো কাঁচা। বর্ষাকালে জোয়ারের পানি ও অতিবর্ষণে উপজেলার বেশির ভাগ এলাকা প্লাবিত হয়। বর্তমানে জোয়ারের পানি ও ভারী বর্ষণে বেশ কিছু এলাকা প্লাবিত হয়ে রাস্তাঘাট ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থায় নির্বাচন অনুষ্ঠিত হলে ভোটাররা চলাচলের অনুপযোগী রাস্তার জন্য ভোটকেন্দ্রে যেতে পারবেন না।
উপজেলা বিএনপির সভাপতি এহছান খান বলেন, ‘বর্ষাকালে নির্বাচন হলে জনগণের অসুবিধা হবে। এসব বিবেচনা করে চিঠি দিয়েছি। তবে পেছানো না হলেও আমরা নির্বাচনে অংশ নেব।’
প্রসঙ্গত, ২০১৬ সালের ২ আগস্ট পটিয়া উপজেলার পাঁচ ইউনিয়ন নিয়ে নতুন কর্ণফুলী উপজেলা গঠন করা হয়।