কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত ঘোষণা
চট্টগ্রামের নবগঠিত কর্ণফুলী উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। ২০ আগস্ট এই উপজেলায় প্রথমবারের মতো নির্বাচন হওয়ার কথা ছিল। গতকাল বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মো. নুরুজ্জামান তালুকদার স্বাক্ষরিত চিঠিতে নির্বাচন স্থগিতের ঘোষণা দেওয়া হয়।
পটিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা (কর্ণফুলী উপজেলার অতিরিক্ত দায়িত্ব) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ছৈয়দ আবু ছাইদ প্রথম আলোকে বলেন, বিদ্যমান বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচন আপাতত স্থগিত করেছে নির্বাচন কমিশন। নির্বাচনের পরবর্তী তারিখ এখনো ঘোষণা হয়নি।
এ নিয়ে দুদফায় কর্ণফুলী উপজেলা পরিষদের নির্বাচন পেছাল। প্রথম দফায় ৩০ জুলাই নির্বাচনের তারিখ ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। পরে ওই তারিখ পিছিয়ে ২০ আগস্ট পুনর্নির্ধারণ করা হয়। সংশোধিত তফশিল অনুযায়ী প্রার্থীরা নির্বাচনী প্রচারে নেমেছিলেন।