জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তাকে গতকাল মঙ্গলবার ছাত্রলীগের কর্মীরা লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় তাঁকে রক্ষা করতে এগিয়ে আসায় তাঁরা বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীকেও পিটুনি দিয়ে আহত করেছেন।
ওই কর্মকর্তার নাম হাফিজুর রহমান। তিনি ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক। গত ৩১ জুলাই বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন হাফিজুর রহমান। হামলায় আহত কর্মচারীর নাম মো. জামান (৩২)।
হাফিজুর রহমান ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, ৩১ জুলাই কর্মকর্তা সমিতির নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্যানেল বিজয়ী হয়। এর জের ধরে গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ক্যাম্পাসের বটতলা এলাকায় ছাত্রলীগের ৩০-৪০ জন কর্মী হাফিজুর রহমানকে ডেকে নেন। এরপর তাঁরা তাঁকে লাঞ্ছিত করতে শুরু করেন। এ সময় তৃতীয় শ্রেণির কর্মচারী মো. জামান ছাত্রলীগের কর্মীদের হাত থেকে হাফিজুর রহমানকে বাঁচাতে গেলে ছাত্রলীগের কর্মীরা তাঁকে বেদম পিটুনি দেন। তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাফিজুর রহমান বলেন, ‘আমাকে মিথ্যাভাবে জামায়াত ও বিএনপির সমর্থক আখ্যা দিয়ে ছাত্রলীগের কর্মীরা লাঞ্ছিত করেছে। আমাকে লাঞ্ছিত করার প্রতিবাদ কারায় তারা জামানকেও মারধর করেছে।’
এ বিষয়ে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আপেল মাহমুদ বলেন, ‘হাফিজুর রহমান আওয়ামী লীগ ও ছাত্রলীগকে তুচ্ছ করে কিছু মন্তব্য করেন। এ নিয়ে ছাত্রলীগের কর্মীরা উত্তেজিত হয়ে মারধর করতে চেয়েছিল। খবর পেয়ে আমরা গিয়ে উত্তেজিত কর্মীদের নিবৃত্ত করি।’