রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ পদে জয়লাভ করেছে আওয়ামীপন্থীদের প্যানেল। সমিতির ১৯টি পদের মধ্যে আওয়ামীপন্থীরা ১১টি ও বিএনপি-জামায়াতপন্থীরা ৮টি পদে জয়লাভ করেছেন। গতকাল বুধবার নির্বাচন শেষে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও প্রধান নির্বাচন কমিশনার এন্তাজুল হক এ ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে আওয়ামী লীগ প্যানেলের সভাপতি পদে মোক্তাদির হোসেন ও সাধারণ সম্পাদক পদে রাব্বেল হোসেন নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগ প্যানেলের আরও জয়ী হয়েছেন সহসভাপতি গোলাম মোস্তফা, কোষাধ্যক্ষ হাসিন আহমেদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক মখলেসুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রাজু আহমেদ, সদস্য পদে সেলিনা খান, কামরুজ্জামান চঞ্চল, সিরাজুল ইসলাম, সিরাজুল ইসলাম সিরাজ, আবদুল গাফফার-১।
বিএনপি-জামায়াতপন্থীদের প্যানেল থেকে বিজয়ীরা হলেন দপ্তর সম্পাদক মোক্তার হোসেন, প্রচার সম্পাদক মনোয়ার হোসেন, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক হাবিবা হায়দার, সাংগঠনিক সম্পাদক আসলাম রেজা, সদস্য পদে শামীম হোসেন চৌধুরী, এ কে এম নজরুল ইসলাম, আলী নেওয়াজ, বজলুর রশীদ।
বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের দক্ষিণ লাউঞ্জে গতকাল সকাল সাড়ে আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত ভোট গ্রহণ হয়। এবারের নির্বাচনে ৬৬৪ জন ভোটারের মধ্যে ৬৫২ জন ভোট দেন।