কর্মসংস্থানের অভাবে অনেকে সাংবাদিকতায় আসছেন: রওশন
দেশে কর্মসংস্থানের অভাবে অনেকে সাংবাদিকতায় আসছেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
নির্বাচন কমিশন প্রশ্নে দলীয় প্রধান এইচ এম এরশাদের সঙ্গে বক্তব্যের অমিলের কারণ জানতে চাইলে গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে রওশন এ মন্তব্য করেন। সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এ সংবাদ সম্মেলন হয়।
এর আগে সম্প্রতি এক অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ বলেছিলেন, বর্তমান নির্বাচন কমিশনের মেরুদণ্ড নেই। তাদের পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। আর, গতকাল রওশন বলেছেন, নির্বাচন কমিশন প্রস্তুতি নিয়ে এগিয়েছে। আশা করি তারা সুষ্ঠু নির্বাচন করতে পারবে।
স্বামী-স্ত্রী দুজনের দুই রকম বক্তব্যের বিষয়ে প্রশ্ন করলে রওশন সাংবাদিকদের নিয়ে বিরূপ মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমাদের দেশটা ছোট। আমি হিসাব করে দেখেছি, এখানে ৪০টা ইলেকট্রনিক মিডিয়া। যেখানে ১০-১৫টা হলেই যথেষ্ট ছিল। আপনাদের এখন সংবাদ চোখে পড়তে হয় না, আপনারা খুঁজে খুঁজে নিউজ বের করেন।’
এর কিছু কিছু খারাপ দিক আছে, আবার ভালো দিকও আছে বলে মন্তব্য করে রওশন এরশাদ বলেন, ‘আপনারা কিছু মনে কইরেন না, আমাদের দেশে কর্মসংস্থান নাই বলে এই দশা হচ্ছে। আমাদের দেশে যদি কর্মসংস্থান থাকত, আপনারা এই পেশায় আসতেন না। আমি এটা বুঝি।’
এ সময় বেসরকারি টেলিভিশন চ্যানেলের একজন সাংবাদিক বলেন, ‘মাননীয় বিরোধীদলীয় নেত্রী, আমি আপনার কথায় বিনয়ের সঙ্গে দ্বিমত করছি। আমি নিজে পছন্দ করে এই পেশায় এসেছি।’ এরপর উপস্থিত সাংবাদিকেরা রওশনের বক্তব্যের প্রতিবাদ করেন। জাতীয় পার্টির সাংসদ ও শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক এবং কাজী ফিরোজ রশীদ সাংবাদিকদের থামানোর চেষ্টা করেন।