কর্মসূচি করতে না দিলে আদালতে যাবে নাগরিক ঐক্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার সভা-সমাবেশের কর্মসূচি করতে না দিলে আদালতে যাবে বলে জানিয়েছে নাগরিক ঐক্য। এ ব্যাপারে প্রস্তুতিও নিয়েছে সংগঠনটি।
রাজধানীর তোপখানা রোডে শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। চলমান রাজনৈতিক সংকট ও এ থেকে উত্তরণের পথ নিয়ে এ মতবিনিময় সভা হয়।
মাহমুদুর রহমান মান্না বলেন, চলমান রাজনৈতিক সংকট সমাধানের দাবিতে ৩১ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে গণ-অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে নাগরিক ঐক্য। কিন্তু এখন পর্যন্ত এই কর্মসূচি পালনের অনুমতি দেয়নি পুলিশ। অনুমতি না পেলে আদালতে রিট করা হবে। তিনি বলেন, বিষয়টি নিয়ে ইতিমধ্যে বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেনের সঙ্গে আলোচনা করেছেন তিনি। এ ব্যাপারে প্রস্তুতিও নেওয়া হয়েছে।
নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, ‘আমরা ৩১ জানুয়ারি কর্মসূচি পালনের জন্য ঢাকা মহানগর পুলিশের অনুমতি চেয়েছি। কিন্তু এখনো আমাদের কোনো কিছুই জানানো হয়নি। দেখা যাচ্ছে, ইদানীং কর্মসূচির আগের দিন রাতে অনুমতি দেওয়া হচ্ছে। এটা হলে আমরা কীভাবে মানুষকে কর্মসূচির ব্যাপারে জানাব, প্রস্তুতি নেব?’