বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের গতকাল রোববারের গণমিছিলের কর্মসূচিতে রাজধানী ঢাকায় কোনো গণমিছিল হয়নি। যে কয়টি মিছিল হয়েছে, তা ছিল আগের মতো ‘ঝটিকা’ ধরনের। কয়েকটি জায়গায় এসব মিছিল পুলিশ ছত্রভঙ্গ করে দেয়। ঢাকার বাইরে ফরিদপুর ও পিরোজপুরে ছোট আকারে মিছিলের চেষ্টা পুলিশি বাধায় হতে পারেনি। বরিশালে মিছিলের অনুমতি দেয়নি পুলিশ।
৭২ ঘণ্টার হরতালের পাশাপাশি সারা দেশে গতকাল গণমিছিলের কর্মসূচি দেওয়া হয়েছিল। অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের দাবিতে এবং বিরোধী জোটের নেতা-কর্মীদের গুম, খুন, পঙ্গু ও আহত করার প্রতিবাদে এ কর্মসূচি দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল আটটার দিকে শাহবাগের আজিজ সুপার মার্কেট এলাকায় বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। মিছিলটি শাহবাগ মোড়ের দিকে কয়েক কদম এগোলে পুলিশের ধাওয়ায় তা মুহূর্তেই ছত্রভঙ্গ হয়ে যায়। একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সায়েন্স এনেক্স ভবনের পাশ থেকে ছাত্রদলের মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়।
এর আগে সকাল সাতটায় রাজধানীর নাবিস্কো এলাকায় মিছিল করে ৩৯ নম্বর ওয়ার্ড শ্রমিক দল। একই সময়ে ধানমন্ডির শেরেবাংলা রোডে বিক্ষোভ মিছিল করে বিএনপি ও জামায়াতে ইসলামী।
সকাল আটটায় মগবাজারের রেলগেট এলাকায়, আদাবরের নবদয় বাজারে, সকাল সাড়ে নয়টায় রাজধানীর বাসাবোর নন্দীপাড়ায় মিছিল করে জামায়াত-শিবির।
এ ছাড়া রাজধানীর পল্টন, মতিঝিল, সবুজবাগসহ কয়েকটি জায়গায় মিছিল করেছে ২০-দলীয় জোট।
রাজধানীর বাইরে ফরিদপুরে গতকাল সাড়ে ১০টার দিকে শহরের ঝিলটুলী এলাকায় বিএনপির সভাপতি জহিরুল হকের নেতৃত্বে ১০-১৫ নেতা-কর্মী ব্যানারসহ একটি মিছিল বের করার চেষ্টা করেন। তখন পুলিশ বাধা দিলে মিছিলটি পণ্ড হয়ে যায়।
জহিরুল হক বলেন, ‘পুলিশ আমাদের মিছিল করতে দেয়নি।’
ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুজ্জামান জানান, অনুমতি না থাকায় বিএনপির নেতা-কর্মীদের মিছিল করতে দেওয়া হয়নি।
গণমিছিল করতে অনুমতি না দেওয়ার অভিযোগ করেছে বরিশাল জেলা বিএনপি। বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির এক বিজ্ঞপ্তিতে নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশির নামে হয়রানি এবং গালিগালাজের অভিযোগ করা হয়।
এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন বলেন, ‘গণমিছিলের কোনো অনুমতি দেওয়া হয়নি। বিএনপির অনেক নেতা মামলার আসামি হওয়ায় তাঁদের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। তবে কাউকে পাওয়া যায়নি। তল্লাশির সময় কোনো ধরনের গালাগালের ঘটনা ঘটেনি।’
পিরোজপুরে জেলা বিএনপির গণমিছিলে পুলিশ বাধা দেয়। শহরের জামে মসজিদ মোড়ে পুলিশের বাধায় মিছিল শেষ করে নেতা-কর্মীরা জেলা পরিষদ মার্কেটের সামনে পথসভা করেন। এতে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শহিদুল্লাহ প্রমুখ।
(প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন নিজস্ব প্রতিবেদক (ঢাকা), ফরিদপুর ও বরিশাল অফিস এবং মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি)