হামলা-মামলা-গ্রেপ্তার আতঙ্কের মধ্যে চাঁদপুর জেলা বিএনপি সংগঠিত হওয়ার চেষ্টা করছে। গত ছয় মাস দলীয় কার্যালয় তেমন একটা খোলা হয়নি। তবে এ মাসে দলীয় ও জোটের দুটি কর্মসূচিকে ঘিরে নেতা-কর্মীরা কিছুটা সক্রিয় হয়েছেন। কার্যালয়ও মাঝেমধ্যে খোলা হচ্ছে।
জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারবিরোধী আন্দোলনে নেমে একের পর এক পুলিশের মামলা-গ্রেপ্তার আতঙ্কে কোণঠাসা হয়ে পড়ে দল। নেতা-কর্মীদের অনেকেই মাসের পর মাস বাড়িছাড়া ছিলেন। বিশেষ করে গত মার্চ মাসে সদর উপজেলার চান্দ্রা এলাকায় দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমা নিক্ষেপে তিনজন নিহত হওয়ার পর থেকে বিএনপির অনেকেই মামলা ও গ্রেপ্তার আতঙ্কে চাঁদপুর ছাড়েন। ইতিমধ্যে অনেকেই আদালত থেকে জামিন নিয়েছেন। কেউ কেউ এখনো আত্মগোপনে আছেন। তবে এ মাসের প্রথম দিন থেকে পরিস্থিতি কিছুটা বদলাচ্ছে।
জানতে চাইলে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার প্রথম আলোকে বলেন, ‘মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাস আমরা ঠিকমতো মাঠে বা দলীয় কার্যালয়ে তেমন কোনো কর্মসূচি পালন করতে পারিনি। এরপরও গ্রেপ্তার আতঙ্কের মধ্যে আমাদের অনেক নেতা-কর্মী কেন্দ্রঘোষিত দলীয় ও জোটের কর্মসূচি বিচ্ছিন্নভাবে পালন করেছে। এর মধ্যে ৩০ মে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী পালন করি দলীয় কার্যালয়ে। ১ সেপ্টেম্বর দলীয় কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হয়। পরে রাস্তায় শোভাযাত্রা বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। ৬ সেপ্টেম্বর গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে দলীয় কার্যালয়ের সামনে পুলিশ বেষ্টনীতে সভা করি।’
এ ছাড়া ৩ সেপ্টেম্বর তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে ছাত্রদল বিএনপির কার্যালয়ে সভা করে বলে জানান মাহবুব আনোয়ার।
জেলা বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, গত ৫ জানুয়ারির পর টানা হরতাল-অবরোধকে কেন্দ্র করে চাঁদপুর সদর মডেল থানায় জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদসহ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে ২০-২৫টি মামলা হয়। এসব মামলায় ফরিদ আহমেদসহ ১২ জন নেতা-কর্মী এখনো কারাগারে রয়েছেন।
সর্বশেষ ২০১০ সালের ৩ জুলাই জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ভোটের মাধ্যমে নবীনদের আগমন ঘটলেও প্রবীণদের অনেকেই বাদ পড়ে যান। সম্প্রতি জেলা বিএনপির ১৫১ সদস্যবিশিষ্ট কমিটির মেয়াদও শেষ হয়ে যায়। গত বছর ১১ ডিসেম্বর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদকে আহ্বায়ক করে ৭১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
জেলা বিএনপির সাবেক সদস্য নুরুল আমিন বলেন, শেখ ফরিদ আহমেদ দায়িত্ব পাওয়ার পর থেকে নবীনদের নিয়ে বিএনপিকে সংগঠিত করার চেষ্টা শুরু হয়। তবে দলের পদবঞ্চিত অনেকেই নেপথ্যে থেকে এর বিরোধিতা করেন। অবশ্য বর্তমানে দলের ভেতর এসব কিছুই নেই। শুধু আইনি জটিলতার কারণে শীর্ষ কিছু নেতা-কর্মী প্রকাশ্যে নেই।
আগামীকাল পড়ুন: খুলনা জেলার রাজনীতি