কর্মসূচি নিয়ে বৈঠক ডেকেছেন খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারবিরোধী আন্দোলনের কর্মসূচি নির্ধারণে আগামী রোববার বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটি। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে গুলশান কার্যালয়ে এই বৈঠক হবে বলে ঠিক হয়েছে।
বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তারা স্থায়ী কমিটির আসন্ন বৈঠকের কথা জানিয়েছেন। ওই বৈঠকে আন্দোলনের প্রাথমিক কর্মসূচি চূড়ান্ত করা হবে। এর পরদিন সোমবার রাতে একই স্থানে জোটের নেতা খালেদা জিয়ার সভাপতিত্বে ২০-দলীয় জোটের বৈঠক হবে। সেখানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্তগুলো চূড়ান্ত হওয়ার কথা।
ঢাকা মহানগর কমিটির বৈঠক: বিএনপির ঢাকা মহানগর আহ্বায়ক কমিটির বৈঠক গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক মির্জা আব্বাস। বৈঠকে মহানগরের বিভিন্ন সাংগঠনিক ইউনিটের কমিটি গঠন ও পুনর্গঠন বিষয়ে আলোচনা হয়।
ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন: বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।