পুলিশের বাধার কারণে গতকাল বৃহস্পতিবার কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়ন ছাত্রদলের দুই পক্ষ কর্মসূচি পালন করতে পারেনি।
পুলিশ ও ছাত্রদল সূত্র জানায়, গতকাল বিকেলে নাজেম উদ্দিনের নেতৃত্বে মাতারবাড়ী ইউনিয়ন ছাত্রদলের এক পক্ষ নতুন বাজারের একটি কমিউনিটি সেন্টারে উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে। এর ১০০ গজের মধ্যে নতুন বাজার এলাকায় কর্মী সমাবেশ আহ্বান করে নুরুল আলমের নেতৃত্বাধীন ইউনিয়ন ছাত্রদলের আরেক পক্ষ। এ নিয়ে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
উপজেলা ছাত্রদলের সভাপতি রিয়াদ মোহাম্মদ আরাফাত হোছাইন বলেন, অনুষ্ঠানের আগে কমিউনিটি সেন্টারে পুলিশ গিয়ে তালা লাগিয়ে দেয়। এতে তাঁরা সেখানে অনুষ্ঠান করতে পারেননি। পরে সিকদারপাড়ার একটি বাড়িতে সংবর্ধনা অনুষ্ঠান হয়।
মাতারবাড়ী ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নুরুল আলম বলেন, পুলিশের অনুমতি না পাওয়ায় তাঁরা কর্মসূচি পালন করতে পারেননি।
মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ নাজমুল হক কামাল বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ছাত্রদলের দুই পক্ষকে সভা করতে দেওয়া হয়নি।