বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ৫ জানুয়ারি বিএনপির কর্মসূচিতে সরকার বাধা দিলে বিএনপির কোনো ক্ষতি হবে না। এতে বরং সরকারই ক্ষতিগ্রস্ত হবে। বাধা দিলে নতুন করে সরকারের মুখোশ উন্মোচিত হবে।
গতকাল শনিবার সকালে কৃষক দলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের মোশাররফ এসব কথা বলেন। এর আগে তিনি কৃষক দলের নেতা-কর্মীদের নিয়ে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
আগামী ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের তৃতীয় বর্ষপূর্তি হচ্ছে। দিনটিকে বিএনপি ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে। অন্যদিকে আওয়ামী লীগ দিনটি পালন করে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ হিসেবে। আওয়ামী লীগ ইতিমধ্যে বলেছে, ৫ জানুয়ারি জনগণ বিএনপিকে মাঠে নামতে দেবে না। বিএনপি বলেছে, তাদের কর্মসূচি হবেই।
বিএনপি শেষ পর্যন্ত কর্মসূচি পালন করতে পারবে কি না, এমন প্রশ্নের জবাবে গতকাল খন্দকার মোশাররফ সাংবাদিকদের বলেন, ৫ জানুয়ারিতে জনগণ ভোট দিতে পারেনি, এটি গণতন্ত্রের জন্য কলঙ্কিত দিন। বিনা ভোটে নির্বাচিত হওয়ায় সরকার এই দিনটি নিয়ে ভীত।
খন্দকার মোশাররফ বলেন, ৫ জানুয়ারি বিএনপিকে কর্মসূচি করতে বাধা দিলে জনগণ সেটি বিচার করবে।
গতকাল দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্রের প্রতি ন্যূনতম শ্রদ্ধাবোধ থাকলে সরকার বিএনপির কর্মসূচি নিয়ে কোনো টালবাহানা করবে না। তিনি বলেন, ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে বিএনপি যে কর্মসূচি ঘোষণা করেছে, ঢাকাসহ সারা দেশে সে কর্মসূচি পালনের ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে।