কর্মসূচির জন্য অনুমতি চাওয়া হয়েছে: রিজভী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুহুল কবির রিজভী। ফাইল ছবি
রুহুল কবির রিজভী। ফাইল ছবি

বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খালেদা জিয়ার বিরুদ্ধে কুমিল্লায় দায়ের করা ‘মিথ্যা’ মামলায় হাইকোর্টের দেওয়া জামিন আপিল বিভাগ স্থগিত করেছেন, যা নজিরবিহীন। সর্বোচ্চ আদালতে জামিন স্থগিত হওয়ার ঘটনাটি সম্পূর্ণরূপে ‘সরকার নির্দেশিত’।

নয়াপল্টনে আজ মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘আদালতের উচ্চপর্যায়ে ভুক্তভোগী মানুষ প্রতিকার পায়। অবৈধ সরকার নিম্ন আদালতকে সম্পূর্ণভাবে কবজায় নিয়ে এখন সর্বোচ্চ আদালতকেও হাতের মুঠোয় নিয়েছে কি না, সেটি নিয়ে জনগণের মধ্যে ব্যাপক আলোচনা হচ্ছে। শেখ হাসিনা জোর করে ক্ষমতায় আছেন বলেই বিচারিক প্রক্রিয়ায় ন্যায়বিচার বাধাগ্রস্ত হচ্ছে।’

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের উদ্দেশে রিজভী বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ১/১১-এর সরকারের দায়ের করা ১৫টি মামলা ক্ষমতার জোরে প্রত্যাহার করে নেওয়ার ঘটনাতে কি বিচারের বাণী খুশিতে আনন্দ–উল্লাস শুরু করেছিল? রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা সর্বোচ্চ আদালতকে সরকারের মুখপাত্রে পরিণত করার বন্দোবস্ত করছেন।’

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ নেতারা হামলা করেছেন উল্লেখ করে রিজভী বলেন, ছাত্রলীগের ধারাবাহিক বর্বর, পৈশাচিক হামলায় সারা দেশের মানুষ ক্ষোভে ধিক্কার জানাচ্ছে। গতকাল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা রড, হাতুড়ি, বাঁশের লাঠি দিয়ে সাপ মারার মতো আন্দোলনকারী শিক্ষার্থীদের পিটিয়ে রক্তাক্ত করেছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনকারীদের দাবির মুখে প্রায় দুই মাস আগে জাতীয় সংসদে সম্পূর্ণরূপে কোটা বাতিলের ঘোষণা দেন। সেদিনই বিএনপি বলেছিল, এই ঘোষণা একটি নাটক ও ছাত্র আন্দোলনের প্রতি প্রতারণা। এখন সেটি অক্ষরে অক্ষরে দৃশ্যমান হচ্ছে। আসলে সেদিন প্রধানমন্ত্রী ক্ষুব্ধ হয়ে জনরোষ থেকে বাঁচতে প্রতারণার কৌশল নিয়েছিলেন। আন্দোলনের প্রতি ছাত্রলীগের আচরণে এটা আবারও প্রমাণিত হলো।

কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে ৫ জুলাই বিক্ষোভ সমাবেশ করতে চায় বিএনপি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা তিনটায় সমবেত হওয়ার প্রস্তুতি নিয়েছেন দলের নেতা-কর্মীরা। এ জন্য অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র বরাবর আবেদনপত্র জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রিজভী।

বিএনপির প্রতীকী অনশন কর্মসূচি ৯ জুলাই সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে। রুহুল কবির রিজভী বলেন, পূর্বঘোষিত এই কর্মসূচি পালনের জন্য রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স ও মহানগর নাট্যমঞ্চ কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। যেখানে অনুমতি পাওয়া যাবে, সেখানেই প্রতীকী অনশন কর্মসূচি অনুষ্ঠিত হবে।

বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, এ জেড এম জাহিদ হোসেন, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।