কর্মী খুনের জেরে চুয়াডাঙ্গা জেলা যুবলীগের কমিটি বিলুপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা জেলা যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে গণমাধ্যমে পাঠানো যুবলীগের কেন্দ্রীয় সভাপতি ওমর ফারুক চৌধুরীর এক বিবৃতিতে এ তথ্য জানা গেছে। জেলা আহ্বায়ক কমিটি গঠনের মাত্র দুই মাস পাঁচ দিনের মাথায় তা বিলুপ্ত করা হলো।
গত সোমবার রাতে সদর উপজেলার ডিঙ্গেদহ বাজারে দুর্বৃত্তের হামলায় যুবলীগের কর্মী আজিজুল ইসলাম খুন হন। এ ছাড়া আওয়ামী লীগের কর্মী বুদো মণ্ডল আহত হন। ঘটনার পরদিন কেন্দ্রীয় কমিটির এই সিদ্ধান্তে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের মধ্যে নানামুখী আলোচনা চলছে।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে চুয়াডাঙ্গা জেলা যুবলীগের কমিটি বিলুপ্ত করার সত্যতা গতকাল রাতে প্রথম আলোকে নিশ্চিত করেন যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হারুনুর রশীদ।
দলীয় সূত্রে জানা গেছে, ২০০৩ সালের ১৪ নভেম্বর গঠিত জেলা যুবলীগের কমিটির আহ্বায়ক ছিলেন আরেফিন আলম ওরফে রঞ্জু। এরপর নানা কারণে ১২ বছরেও পূর্ণাঙ্গ কমিটি গঠন করা সম্ভব হয়নি। গত ১২ সেপ্টেম্বর কেন্দ্রীয় যুবলীগ ওই আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ২১ সদস্যের নতুন কমিটি অনুমোদন করে। কমিটিতে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান চৌধুরী ওরফে জিপু চৌধুরীকে আহ্বায়ক এবং আলমডাঙ্গার চিতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমানকে যুগ্ম আহ্বায়ক করা হয়। এই কমিটিকে ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য বলা হয়। নতুন আহ্বায়ক কমিটি গঠনের খবর চুয়াডাঙ্গায় পৌঁছালে যুবলীগের নেতৃত্ব-প্রত্যাশী নঈম হাসান জোয়ার্দ্দার ও তাঁর অনুসারীরা ক্ষোভে ফেটে পড়েন। নঈম জোয়ার্দ্দার সোলায়মান হক জোয়ার্দ্দারের ভাতিজা।
কমিটি অনুমোদনের পর থেকেই জেলার বিভিন্ন স্থানে এর পক্ষে ও বিপক্ষে মিছিল হয়। গণমাধ্যমে বিবৃতি-পাল্টা বিবৃতি পাঠানো হয়। ১৬ সেপ্টেম্বর নতুন আহ্বায়ক কমিটির পরিচিতি সভা হয়। নঈম হাসানের অনুসারীরা কমিটি বাতিলের দাবিতে ১৯ সেপ্টেম্বর বিকেলে চুয়াডাঙ্গা বড় বাজার শহীদ হাসান চত্বরে যুবসমাজের ব্যানারে প্রতিবাদ সভা হয়। সভায় যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সাবেক ও বর্তমান নেতারা বক্তব্য দেন। ওই সভাকে অবৈধ উল্লেখ করে জিপু চৌধুরী ও জিল্লুর রহমান গণমাধ্যমে বিবৃতি পাঠান। পরদিন নঈম হাসান পাল্টা বিবৃতি দেন। এ ছাড়া উপজেলা, ইউনিয়ন এমনকি বিভিন্ন হাটবাজারে পাল্টাপাল্টি সমাবেশ চলতে থাকে।
৩ অক্টোবর সদর উপজেলার সুবদিয়ায় দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। ওই দিন আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতার ব্যবসাপ্রতিষ্ঠান, দুটি ক্লাব ও সাতটি বাড়িতে হামলা হয়। এ ঘটনায় পাল্টাপাল্টি মামলাও হয়। দুই দিন পর ডিঙ্গেদহ এলাকায় যুবলীগের কর্মী আজিজুল ও পদ্মবিলা ইউপির সদস্য হাসানুজ্জামানের বাড়িতে ককটেল ছোড়া হয়।
জেলা যুবলীগের দুই সদস্য আবদুর রাজ্জাক ও হাফিজুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলাকে অবৈধ দাবি করে তা প্রত্যাহারের দাবিতে ৮ অক্টোবর দলের পক্ষ থেকে শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়। গত ১৯ সেপ্টেম্বর ও ১৫ অক্টোবর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান কবীরের বাড়িতে বোমা হামলার ঘটনা ঘটে। ২১ অক্টোবর হায়দারপুর এলাকায় জিপু চৌধুরীর গাড়িবহরে হামলা হয়। জিপু চৌধুরী সে সময় দাবি করেন, প্রতিপক্ষের লোকজন তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়েছে। ওই ঘটনায় দায়ের করা মামলায় ১ নম্বর আসামি ছিলেন গত সোমবার দুর্বৃত্তের হামলায় নিহত আজিজুল। এ ছাড়া উপজেলা, ইউনিয়ন ও গ্রামপর্যায়ে দুই পক্ষের নেতা-কর্মীদের পাল্টাপাল্টি হামলা ও মামলা দায়ের অব্যাহত থাকে। গত ১১ নভেম্বর যুবলীগের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী দুই পক্ষই আলাদাভাবে পালন করে।
এ ব্যাপারে জিপু চৌধুরী ও নঈম হাসান জোয়ার্দ্দারের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।