কর্মী সমাবেশ ডেকেও করতে পারেনি বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলা বিএনপি গতকাল শনিবার কর্মী সমাবেশ ডেকেও তা করতে পারেনি। দলের এক পক্ষের অভিযোগ, অভ্যন্তরীণ কোন্দলের কারণে সমাবেশ করা সম্ভব হয়নি। অপর পক্ষের দাবি, প্রশাসনের অনুমতি না পাওয়ায় সমাবেশ স্থগিত করা হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, পাঁচ বছর পর গতকাল শনিবার উপজেলা বিএনপি কর্মী সমাবেশ করার ঘোষণা দেয়। এ জন্য এলাকায় ব্যাপক প্রচারণা চালানো হয়। দলের পক্ষ থেকে সমাবেশ সফল করার জন্য তিনটি প্রস্তুতিমূলক সভা করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে রাজশাহী নগর বিএনপির সভাপতি মেয়র মোসাদ্দেক হোসেন ওরফে বুলবুল, বিশেষ অতিথি হিসেবে রাজশাহী জেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মতিউর রহমান ও প্রধান বক্তা হিসেবে জেলার জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল গফুরের উপস্থিত থাকার কথা ছিল। তবে পুলিশ গত শুক্রবার বিকেলে জানায়, কোনো সমাবেশ করা যাবে না।
ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আবদুর রাজ্জাক প্রামাণিক বলেন, সমাবেশ করার জন্য দলের পক্ষে তিনি প্রশাসনের অনুমতি চেয়ে আবেদন করেছিলেন। থানার পুলিশ অনুমতিও দিয়েছিল। তবে কয়েক ঘণ্টা আগে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁদের কোনো সমাবেশ করতে দেওয়া হবে না। প্রশাসনের হঠাৎ সিদ্ধান্ত পরিবর্তনকে তাঁরা রহস্যজনক বলে মনে করছেন।
রাজশাহী জেলা বিএনপির সাধারণ যুগ্ম সম্পাদক ও বাগমারা উপজেলার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান অভিযোগ করেন, দলের ভেতরের একটি অংশের চক্রান্তের কারণে সমাবেশ হয়নি। তাঁরা ক্ষমতাসীন দলের কিছু নেতার সঙ্গে আঁতাত করে সমাবেশ স্থগিত করার জন্য ভূমিকা রেখেছেন। ওই অংশের নেতারা পুলিশের কাছে বলেছেন, এখানে সমাবেশ হলে অপ্রীতিকর ঘটনা ঘটবে। তাই প্রশাসন সমাবেশ করার অনুমতি দেয়নি। তবে জিয়াউর তাঁদের নাম বলতে চাননি।
জিয়াউর রহমান আরও বলেন, পাঁচ বছর পর কর্মী সমাবেশ করার জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছিল। সমাবেশ হলে নেতা-কর্মীদের মধ্যে একটা চাঙা ভাব থাকত।
তবে উপজেলা বিএনপির সভাপতি মকলেছুর রহমান মণ্ডল বলেন, দলের ভেতরে কোনো কোন্দল নেই। প্রশাসনের আপত্তির কারণেই সমাবেশ বাতিল করা হয়েছে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, সমাবেশের জন্য মৌখিক অনুমতি দেওয়া হয়েছিল। তবে পরে জেলা পুলিশের বিশেষ শাখা থেকে সন্তোষজনক প্রতিবেদন না পাওয়ার কারণে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি। কী সমস্যা রয়েছে, তা পুলিশের বিশেষ শাখা বলতে পারবে।