কর্মী হত্যায় বিলুপ্ত সিলেট জেলা ছাত্রলীগের কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় কর্মী খুনের ঘটনায় বিলুপ্ত হলো সিলেট জেলা ছাত্রলীগের কমিটি। সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরী দলীয় কর্মী ওমর মিয়াদ (২২) হত্যা মামলার আসামি হওয়ায় জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গত বুধবার রাত আটটার দিকে সিলেট মহানগর পুলিশের শাহপরান থানায় মিয়াদের বাবা মো. আকলু মিয়া বাদী হয়ে রায়হানকে প্রধান আসামি করে এ মামলা করেন।
দলীয় সূত্র জানায়, থানায় মামলা নথিভুক্ত হওয়ার পরপরই কেন্দ্রীয় ছাত্রলীগের সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। বিলুপ্ত কমিটির সভাপতি শাহরিয়ার সামাদ প্রথম আলোকে এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কমিটি বিলুপ্ত করে ২৫ অক্টোবরের মধ্যে জেলা শাখার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতাদের কাছে পদপ্রত্যাশীদের ‘জীবনবৃত্তান্ত’ জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিলুপ্ত কমিটি কেন্দ্র থেকে গঠন করা হয়েছিল ২০১৪ সালের ৮ সেপ্টেম্বর। এর আগের বছর ২০১৩ সালের ১৫ সেপ্টেম্বর সিলেটে সিপিবি-বাসদের বিভাগীয় সমাবেশে তৎকালীন জেলা ছাত্রলীগের সভাপতি হিরণ মাহমুদের নেতৃত্বে ছাত্রলীগের হামলার অভিযোগে জেলা কমিটি বিলুপ্ত করা হয়েছিল।
দলীয় সূত্র জানায়, সিপিবি-বাসদের সমাবেশে হামলার ঘটনা দেশ–বিদেশে চাঞ্চল্য সৃষ্টি করেছিল। ওই দিন রাতেই কেন্দ্র থেকে জেলা কমিটি বিলুপ্ত করা হয়েছিল। এ ঘটনার প্রায় এক বছর পর ২০১৪ সালের ৮ সেপ্টেম্বর শাহরিয়ার সামাদকে সভাপতি ও এম রায়হান চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্যের নতুন কমিটি কেন্দ্র থেকে ঘোষণা দেওয়া হয়। ২০১৫ সালের ৪ ডিসেম্বর আরও ১৩১ সদস্য অন্তর্ভুক্ত করে কেন্দ্র থেকে ১৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছিল। এ কমিটির মেয়াদ ছিল এক বছর। এ মেয়াদ গত বছরের ডিসেম্বরে অতিবাহিত হওয়ার পর ছাত্রলীগে বিভক্তি শুরু হয়। ছাত্রলীগের রাজনীতি থেকে আওয়ামী লীগে থাকা কয়েকজন নেতার প্রভাবে অন্তত ছয়টি ভাগে বিভক্ত হয় ছাত্রলীগ।
এর মধ্যে গত ১৩ সেপ্টেম্বর ছাত্রলীগের ‘সুরমা গ্রুপ’–এর কর্মী জাকারিয়া মোহাম্মদ মাসুম (২৪) ‘টিলাগড় গ্রুপ’-এর কর্মীদের হাতে ছুরিকাহত হয়ে নিহত হন। এ ঘটনার মাস খানেক পর গত সোমবার টিলাগড় এলাকায় দুই পক্ষে বিভক্ত ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরীর পক্ষের কর্মীদের হাতে নিহত হন ওমর মিয়াদ (২২)। সর্বশেষ এ হত্যাকাণ্ডের পর থেকে অভিযুক্ত হন রায়হান। গত বুধবার রাতে ওমরের বাবার দায়ের করা হত্যা মামলায় রায়হান প্রধান আসামি হওয়ায় কমিটি বিলুপ্ত করা হয়। এ মামলার দ্বিতীয় আসামি তোফায়েল আহমদকে বুধবার সকালে ঢাকার একটি হাসপাতাল থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ ছাড়া মামলায় ছাত্রলীগ কর্মী সারোয়ার হোসেন চৌধুরী, জুবায়ের খান, জাকারিয়া মাহমুদ, রুহেল, ফাহিম শাহ, ফখরুল আহমদ, শওকত হাসান, রাফিউল করিমসহ অজ্ঞাত আরও চারজনকে আসামি করা হয়েছে।
কমিটি বিলুপ্তির প্রতিক্রিয়ায় সাবেক সভাপতি হিরণ মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘আমার সময় অবিচার করা হয়েছিল। সিপিবির সমাবেশে হামলা নয়, সাধারণ কর্মীদের ক্ষোভ দমনের চেষ্টা করেছিলাম। যা–ই হোক, সেই ঘটনাও আমি মেনে নিয়েছিলাম। এবার আমার এক কর্মীকে হত্যার পর এই দফা কমিটি বিলোপ না করলে কেন্দ্র সমালোচিত হতো। আমি মনে করি, কেন্দ্রের সিদ্ধান্তে সাধারণ কর্মীদের প্রত্যাশা পূরণ হয়েছে।’
রায়হান চৌধুরীর মুঠোফোন বন্ধ থাকায় তাঁর সঙ্গে কথা বলা যায়নি। তবে তাঁর ফেসবুক স্ট্যাটাসে শোভা পাচ্ছে প্রতিক্রিয়া। এতে তিনি বলেছেন, ‘সম্পূর্ণ হিংসার বশবর্তী হয়ে উদ্দেশ্যমূলকভাবে ষড়যন্ত্রমূলক, সাজানো, মিথ্যা হত্যা মামলায় যাঁরা আজ আমাকে ফাঁসিয়েছেন, মনে রাখবেন, ইতিহাস কাউকেই ক্ষমা করেনি, করবেও না। আমি ভীত নই, সত্যকে সত্য, আর মিথ্যাকে মিথ্যা বলে যদি ফাঁসির মঞ্চে দাঁড়াতে হয়, আমি নির্দ্বিধায় তা বরণ করে নেব...। সত্যের মৃত্যু নেই...জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’
২০১৩ সালের কমিটির সহসভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদকের পদে থাকা দুজন ও সদ্যবিলুপ্ত কমিটির দুজন নেতা জানান, চার বছর আগে বিলুপ্ত কমিটির সভাপতি হিরণ মাহমুদের পক্ষের কর্মী ছিলেন নিহত ওমর মিয়াদ। চার বছর পর তাঁর পক্ষের কর্মী হত্যার ঘটনায় ফের জেলা কমিটি বিলুপ্ত হওয়ার মধ্যে দুই ঘটনা আলোচিত হচ্ছে সাধারণ কর্মীদের মধ্যে। তাঁরা বলেন, আগামী দিনে এমন কমিটি চাই, যাতে নেতাদের কারণে সংগঠন ক্ষতির মুখে না পড়ে।