কর্মীদের মুখে হাসি, মলিন নেতাদের মুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ১১ বছর পর কাল মঙ্গলবার নাটোর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। শহরের আশপাশে সাজসাজ অবস্থা বিরাজ করছে। হাসি ফুটেছে সাধারণ কর্মীদের মুখে। কিন্তু শীর্ষস্থানীয় নেতা ও কাউন্সিলরদের মুখ মলিন। শীর্ষ দুই পদে নেতাদের তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষ পর্যন্ত কোথায় গড়ায়, তা নিয়ে রয়েছে উদ্বেগ-উৎকণ্ঠা।
আওয়ামী লীগের নেতা-কর্মী সূত্রে জানা গেছে, জেলায় দলের সর্বশেষ সম্মেলন হয় ২০০৪ সালে। কেন্দ্রের চাপ ছিল ৩০ নভেম্বরের মধ্যে সম্মেলন শেষ করার। কিন্তু উপজেলা সম্মেলন শেষ করতে বিলম্ব হওয়ায় জেলার তারিখ ধার্য হয় ২ ডিসেম্বর (কাল মঙ্গলবার)। সম্মেলন ঘিরে শহরের কেন্দ্রস্থল কানাইখালী মাঠে কদিন আগে থেকেই বিশাল আকৃতির মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে। এখান থেকে নাটোর-ঢাকা মহাসড়কের ২৬ কিলোমিটারজুড়ে সভাপতি ও সম্পাদক পদপ্রার্থীরা তাঁদের পক্ষে সমর্থন চেয়ে রঙিন ডিজিটাল ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড ঝুলিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক নাটোরের ডিজিটাল প্রেসের একজন কর্মকর্তা জানান, সম্মেলন ঘিরে তাঁরা প্রায় ১০ লাখ টাকার কাজ পেয়েছেন। তাঁদের পাশাপাশি কারুশিল্পীরাও টুপি ও গেঞ্জি ছাপানোর দুই লাখ টাকার কাজ পেয়েছেন বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, সম্মেলন ঘিরে স্থানীয় একটি পত্রিকার কার্যালয়ে স্থাপন করা জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় এখন সরগরম। দিন-রাত এখানে নেতা-কর্মীরা আসা-যাওয়া করছেন। সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বেড়ে গেছে। সম্মেলন সামনে রেখে তাঁদের কদর বেড়েছে। তবে ঘুম নেই, মুখে হাসি নেই সভাপতি ও সম্পাদক পদপ্রার্থীদের। তাঁরা নীরবে বিভিন্ন কমিটি, উপকমিটির কাজ তদারক করছেন। কেউ কেউ অন্য প্রতিদ্বন্দ্বীর চোখ ফাঁকি দিয়ে ছুটে যাচ্ছেন সম্মেলনের ভোটারদের কাছে।
নাম প্রকাশে অনিচ্ছুক নলডাঙ্গা উপজেলার এক কাউন্সিলর বলেন, ‘আমাদের আনন্দ নেই। কারণ, নানা সুযোগ-সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি কোনো কোনো প্রার্থী হুমকিও দিচ্ছেন। একজন তো না জিতলে আমার ঠ্যাং (পা) ভাঙার হুমকি দিয়েছেন। এতে আমাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।’ তাঁর মতো লালপুর, বাগাতিপাড়া, গুরুদাসপুর ও বড়াইগ্রামের দুজন করে কাউন্সিলর প্রথম আলোকে তাঁদের আতঙ্কের কথা জানিয়েছেন। বিশেষ করে যেসব প্রার্থী বর্তমানে গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন, তাঁদের পক্ষ থেকেই বেশি চাপ দেওয়া হচ্ছে।
কাউন্সিলরদের মতো প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রায় সবাই ভোটের মাধ্যমে নেতা নির্বাচনের দাবি জানিয়েছেন।
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনিসুর রহমান বলেন, ‘প্রার্থীরা নিজেদের মধ্যে সমঝোতায় না এলে আমরা ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করতে চাই। এ ক্ষেত্রে আমরা কেন্দ্রীয় নেতাদের পূর্ণ সহযোগিতা আশা করছি।’
সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সাজেদুর রহমান খান নিজেও সভাপতি পদপ্রার্থী। তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসকও। সভাপতি পদে আরও প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক মৎস্য প্রতিমন্ত্রী আবদুল কুদ্দুস, সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী ও জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আহাদ আলী সরকার, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) এর সাংসদ আবুল কালাম আজাদ ও জেলার সরকারি কৌঁসুলি (পিপি) সিরাজুল ইসলাম। সাধারণ সম্পাদক পদে নাটোর-২ (সদর) এর সাংসদ ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম।