ভোলার সদর উপজেলার রাজাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের পরাজিত প্রার্থীকে অবাঞ্ছিত ঘোষণার প্রতিবাদে গতকাল সোমবার ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে সমাবেশ হয়েছে। এতে কর্মীদের লাঠিসোঁটা নিয়ে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন নেতারা। এ ঘটনায় সাধারণ মানুষ উদ্বিগ্ন।
গত ৩১ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের পরাজিত ইউপি চেয়ারম্যান প্রার্থী দলটির কর্মী মিজানুর রহমান খানকে গত শুক্রবার অবাঞ্ছিত ঘোষণা করেন নবনির্বাচিত চেয়ারম্যান। এর প্রতিবাদে শান্তিরহাট আওয়ামী লীগ কার্যালয়ে গতকাল বেলা ১১টার দিকে এ সমাবেশ হয়। এতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ বলেন, রাজাপুর ইউপির চেয়ারম্যান রেজাউল হক মিঠু চৌধুরী জেলা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক। কিন্তু তিনি আওয়ামী পরিবারের সদস্য হয়েও জামায়াত-শিবির ও বিএনপির ওপর নির্ভর করেছেন। এ জন্য আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী হয়েছিলেন। ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও দুটি মামলার আসামি মিজানুর রহমানকে বাঁচাতে মিঠু চৌধুরীর নেতৃত্বে জামায়াত-শিবির ও বিএনপি একত্র হয়ে ২৬ মে জনতাবাজার পুলিশ ক্যাম্পে হামলা চালায়। এ সময় আওয়ামী লীগের কর্মী রুম্মান জমাদ্দার গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ছাড়া আওয়ামী লীগের একাধিক নেতা গুলিবিদ্ধ হন। এ ঘটনায় আওয়ামী লীগের ৯৬ জন নেতা-কর্মীর বিরুদ্ধে সদর থানায় অভিযোগ দেওয়া হলেও পুলিশ তা নেয়নি। পরে ভোলার মুখ্য বিচারিক হাকিম আদালতে রোববার আওয়ামী লীগের ১৬ জন নেতা-কর্মীকে আসামি করে মামলা দেওয়া হয়।
সমাবেশে নেতারা আরও বলেন, ‘মিঠু চৌধুরীর নির্দেশে পুলিশ ক্যাম্পে হামলা করে জ্বালিয়ে দিতে চাইলে পুলিশ গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে রুম্মান নিহত হন। অথচ এ ঘটনায় যাঁরা ধারেকাছেও নেই, তাঁদের মামলার আসামি করা হয়েছে। শুধু তা-ই নয়, আওয়ামী লীগের পরাজিত প্রার্থী মিজানুর রহমানকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। এটা ষড়যন্ত্র। আমরা এসব ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’ বক্তারা নেতা-কর্মীদের লাঠিসোঁটা নিয়ে সংঘবদ্ধভাবে প্রস্তুত থাকতে বলেন। এর কারণ হিসেবে উল্লেখ করেন, যেকোনো মুহূর্তে জামাত-বিএনপি হটাতে হবে।
রাজাপুর ইউপি চেয়ারম্যান মিঠু চৌধুরী বলেন, ‘সন্ত্রাসী ও একাধিক হত্যা মামলার আসামি নাসির সরদার বিএনপির লোক। তিনি ছাড়াও একাধিক চিহ্নিত সন্ত্রাসী আওয়ামী লীগের প্রার্থী মিজানুর রহমান খানের পক্ষ নিয়েছেন। তাঁরা রাজাপুরের সাধারণ মানুষের শান্তি নষ্ট করছেন। এ জন্য তাঁদের রাজাপুর ইউপিতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। এ জন্য সবাইকে প্রস্তুত থাকতেও বলেছি।’
এক প্রশ্নের জবাবে মিঠু চৌধুরী বলেন, ‘মিজানুর রহমান খানের নির্দেশে নাসির সরদার পুলিশের হাত থেকে অস্ত্র কেড়ে নিয়ে গুলি ছুড়েছেন, এটা প্রত্যক্ষদর্শীদের কথা। তাই পুলিশকে আসামি না করে মিজান খান, নাসির সরদার পক্ষকে আসামি করা হয়েছে।’
২৬ মে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিজানুর রহমানকে পুলিশ গ্রেপ্তার করে জনতাবাজার পুলিশ ক্যাম্পে নিয়ে নির্যাতন করে। এ ঘটনায় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ওই ক্যাম্পে হামলা চালান। এ সময় গুলিতে রুম্মান নিহত, পুলিশসহ অন্তত ৪০ ব্যক্তি আহত হন।