কর্মীদের 'চাপ' থাকলেও শৃঙ্খলা মেনে চলবেন মহিউদ্দিন চৌধুরী

‘রাজনীতি করলে শৃঙ্খলা মেনে চলতে হবে। শৃঙ্খলাবিরোধী কাজ আমাকে দিয়ে হবে না—ঢাকা থেকে চট্টগ্রামে ফিরেই মেয়র পদে দলের সমর্থন পাওয়া প্রার্থী আ জ ম নাছির উদ্দিনের পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছেন এ বি এম মহিউদ্দিন চৌধুরী।’
চট্টগ্রামের তিনবারের মেয়র এবারও সিটি নির্বাচনে প্রার্থী হতে চেয়েছিলেন। নগরের চশমা হিলের বাসভবনে গতকাল শনিবার সকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, নেত্রীর সিদ্ধান্ত সবাইকে মানতে হবে। নাছিরকে জয়ী করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
গতকাল দিনভর নগর আওয়ামী লীগের সভাপতির বাসভবনে নেতা-কর্মী ও অনুসারীদের ভিড় ছিল। দল তাঁকে প্রার্থী না করায় অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। নগর আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য এনামুল চৌধুরী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এটা কী হলো?’
এ বিষয়ে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘নেতা-কর্মীদের মধ্যে হতাশা আছে। সেটা কাটানোর দায়িত্ব আমার।’ নেতা-কর্মীরা বিক্ষোভ করলেও তাঁদের হাসিমুখেই মিষ্টিমুখ করান তিনি। সন্ধ্যায় আবারও তাঁর বাসার সামনে শত শত নেতা-কর্মী ‘মহিউদ্দিন চৌধুরীকে মেয়র প্রার্থী হিসেবে দেখতে চাই’ স্লোগান দেন। কিন্তু নেত্রীর সিদ্ধান্তের বিরুদ্ধে যাবেন না বলে তাঁদের জানিয়ে দেন। রাতে মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, ‘নেতা-কর্মীরা আমার ওপর চাপ সৃষ্টি করছে। কিন্তু আমি দলীয় শৃঙ্খলা ভেঙে নির্বাচন করতে চাই না।’
চশমা হিলের বাসায় নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন জানান, মহিউদ্দিন চৌধুরীকে মেয়র প্রার্থী না করায় নেতা-কর্মীরা হতাশ। তবে দলের প্রার্থীর পক্ষে কাজ করতে তিনি নির্দেশ দিয়েছেন।
ঢাকা থেকে চট্টগ্রামে ফিরে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছিরউদ্দিন বলেন, ‘নেত্রী আমাকে সমর্থন দিয়েছেন, এটা আমার জন্য বড় পাওয়া। সকল ভোটারের কাছে আমি যাব। নগরবাসীর মন জয় করে ভোটে জয়ী হওয়া আমার কাজ।’
দলীয় সূত্র জানায়, বিমানবন্দর থেকে আ জ ম নাছির আন্দরকিল্লায় যান। তাঁর মায়ের সঙ্গে দেখা করে তিনি আমানত শাহ দরগায় যান। সেখানে জিয়ারত করে তিনি কদম মোবারক কবরস্থানে তাঁর বাবার কবরে ফাতেহা পাঠ করেন। এ সময় তাঁর সঙ্গে থাকা বন্দর-পতেঙ্গা আসনের আওয়ামী লীগের সাংসদ এম এ লতিফ জানান, প্রার্থী বাছাইয়ে দল সঠিক সিদ্ধান্ত নিয়েছে।
মেয়র পদে মনোনয়নপ্রত্যাশী নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এম এ ছালাম বলেন, ‘প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে নেত্রী সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। উনি যাঁকে মনোনয়ন দিয়েছেন, তাঁর পক্ষে আমরা সবাই কাজ করব।’