কর্মী-সমর্থকদের নিয়ে আ.লীগে যোগ দিলেন মেয়র
বিপুলসংখ্যক কর্মী, সমর্থক নিয়ে গত শনিবার আওয়ামী লীগে যোগ দিয়েছেন গোয়ালন্দ পৌরসভার মেয়র শেখ মো. নিজাম। রাজবাড়ী জেলা আওয়ামী লীগ আয়োজিত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এমপির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি আওয়ামী লীগে যোগ দেন।
মেয়র প্রায় আট থেকে নয় হাজার কর্মী-সমর্থকসহ দেড় শতাধিক বাস ও মাইক্রোবাসের বিশাল বহর নিয়ে রাজবাড়ীর বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশী রেলওয়ে ময়দানে আয়োজিত ওই অনুষ্ঠানে যোগ দেন। এ সময় সবার বুকে মেয়রের ছবি-সংবলিত ব্যাজ ও মাথায় বঙ্গবন্ধুর ছবি-সংবলিত টুপি ছিল।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সাংসদ জিল্লুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী ছাড়াও বন ও পরিবেশবিষয়ক উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী, সাংসদ সানজিদা খানম, সংরক্ষিত নারী আসনের সাংসদ কামরুন্নাহার চৌধুরী লাভলী, সাংসদ মমতাজ বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
সভার শুরুতে মন্ত্রীর হাতে ফুল দিয়ে মেয়র শেখ মো. নিজাম, তাঁর ছোট ভাই শেখ মো. নজরুল ইসলাম, মামা নুরুল আমিনসহ কয়েক হাজার নেতা-কর্মী দলে যোগ দেন। প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মোশাররফ হোসেন সরকারের বিভিন্ন উন্নয়নমূলক চিত্র তুলে ধরেন। তিনি শেখ মো. নিজামকে যোগ্য মেয়র ও নেতা বলে মন্তব্য করেন। গত ৩০ ডিসেম্বর পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন শেখ মো. নিজাম। তিনি আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন।