কাউকে বিএনপির 'পকেট কমিটি' করতে দেওয়া হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে বিএনপির কমিটির নামে কাউকে ‘পকেট কমিটি’ করতে দেওয়া হবে না—এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহসভাপতি সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ।
ফরিদপুরে কোতোয়ালি থানা বিএনপির বর্ধিত সভায় গতকাল রোববার এ হুঁশিয়ারি দেন তিনি। শহরের কমলাপুরে কামাল ইবনে ইউসুফের বাসভবন ময়েজ মঞ্জিলে ওই অনুষ্ঠানের আয়োজন করে কোতোয়ালি থানা বিএনপি।
ওই সভায় প্রধান অতিথির বক্তব্যে কামাল ইবনে ইউসুফ বলেন, জেলার বিভিন্ন উপজেলায় কমিটি গঠনের নামে ‘পকেট কমিটি’ গঠিত হচ্ছে।
এ ব্যাপারে দলের মধ্যেই ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিএনপির নিবেদিতপ্রাণ কর্মীদের নিয়েই কমিটি গঠন করতে হবে। কমিটিতে থাকলাম, আর মন্ত্রীর বাড়িতে গিয়ে সালাম দিলাম, তাতে তো আর বিএনপি করা হলো না।’
সমগ্র ফরিদপুরকে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে উল্লেখ করে কামাল ইবনে ইউসুফ বলেন, ‘এ জেলা থেকে বিএনপির সাংসদ হওয়া খুব কঠিন।
এরপরও গত ৩০ বছর ফরিদপুর সদর আসনটি (ফরিদপুর-৩) বিএনপির দখলে ছিল। কিন্তু ২০০৮ সালের নির্বাচনে দলের একাংশের ষড়যন্ত্রে আমি পরাজিত হয়েছি। এ পরাজয়ে ক্ষতি হয়েছে স্থানীয় বিএনপির। কেননা, ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলেও আমি সাংসদ থাকায় দলীয় নেতা-কর্মীরা মামলা-হামলা-হয়রানির শিকার হননি। বর্তমানে দেশে গণতন্ত্র নেই। নেতা-কর্মীদের ওপর অবাধে নির্যাতন-নিপীড়ন চালানো হচ্ছে। আমরা বিরোধী দলে আছি, আমাদের শক্তি সঞ্চয় করতে হবে। তাই এবার কাউকে পকেট কমিটি করতে দেওয়া হবে না—তা জেলা, থানা, শহর বা ইউনিয়ন যে পর্যায়ের কমিটিই হোক না কেন।’
সভায় সভাপতিত্ব করেন কোতোয়ালি থানা বিএনপির সভাপতি খোন্দকার চাঁদ। সভায় জানানো হয়, আজ সোমবার ময়েজ মঞ্জিলেই পৌর বিএনপির বর্ধিত সভা হবে।
এদিকে কামাল ইবনে ইউসুফ নিজ বাড়িতে বর্ধিত সভার নামে কোতোয়ালি ও পৌর বিএনপির পকেট কমিটি গঠনের পাঁয়তারা করছেন বলে অভিযোগ করেছেন কোতোয়ালি ও পৌর বিএনপির একাংশের নেতা-কর্মীরা। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে বিএনপির কোতোয়ালি থানা শাখার নির্বাহী কমিটির সদস্য আবদুল্লাহ সরদার ও পৌর শাখার সহসভাপতি জসিম উদ্দিন মৃধা স্বাক্ষরিত লিখিত বক্তব্য পড়েন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক জুলফিকার হোসেন।
লিখিত বক্তব্যে বলা হয়, রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূতভাবে নিজ বাড়িতে কোতোয়ালি বিএনপির বর্ধিত সভার নামে পরীক্ষিত নেতা-কর্মীদের বাদ দিয়ে চৌধুরী কামাল ইবনে ইউসুফের নিজের লোকদের নিয়ে কোতোয়ালি থানা ও পৌর বিএনপির কমিটি গঠনের পাঁয়তারা করছেন।