কাউখালীতে আ.লীগ কার্যালয়ের তালা ভেঙে কর্মসূচি পালন
পিরোজপুরের কাউখালী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের তালা ভেঙে গতকাল মঙ্গলবার ঐতিহাসিক ৭ মার্চের কর্মসূচি পালন করেছেন দলের এক পক্ষের নেতা-কর্মীরা। দ্বিধাবিভক্ত আওয়ামী লীগের আরেক পক্ষ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আজ বুধবার দিবসটি উপলক্ষে আলোচনা সভার কর্মসূচি ঘোষণা করেছে।
নেতা-কর্মীরা জানান, গতকাল সকালে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে গিয়ে কার্যালয়টি তালাবদ্ধ দেখতে পান। পরে নেতা-কর্মীরা তালা ভেঙে কার্যালয় খোলেন।
কিছুক্ষণ পর দলীয় কার্যালয়ে আসেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইসাহাক আলী খান পান্না। তিনি নেতা-কর্মীদের নিয়ে শহরের মুজিব চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহ মো. কাইউমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইসাহাক আলী খান পান্না। বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক সুনীল কুণ্ডু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আমিনুর রশিদ, উপজেলা যুবলীগের সভাপতি অলক কর্মকার, কৃষক লীগের সভাপতি ইউনুস খান, ছাত্রলীগের সভাপতি মৃদুল আহমেদ প্রমুখ।
জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন তালুকদার বলেন, ‘সকালে আমরা দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করি। ৭ মার্চ উপলক্ষে বুধবার আলোচনা সভা করব।’
কাউখালী উপজেলা আওয়ামী লীগ দুই পক্ষে বিভক্ত। এক পক্ষের নেতৃত্ব দেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের সাংসদ এ কে এম এ আউয়াল। অপর পক্ষের নেতৃত্ব দেন ইসাহাক আলী খান পান্না। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আউয়ালের অনুসারী। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহ মো. কাইউম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক সুনীল কুণ্ডু ইসাহাক আলী খান পান্নার অনুসারী।