কাউন্সিল করার অনুমতি পেয়েছে বিএনপি
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কাউন্সিল করার অনুমতি পেয়েছে বিএনপি। আজ বৃহস্পতিবার দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের এ কথা জানান।
রিজভী বলেন, সম্মেলনের জন্য জায়গা চেয়ে তিনটি কর্তৃপক্ষের কাছে আবেদন করে বিএনপি। গতকাল রাতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন কর্তৃপক্ষ বিএনপিকে লিখিতভাবে জানিয়েছে যে, বিএনপিকে তারা কাউন্সিলের জন্য তাদের জায়গা ব্যবহার করতে দেবে।
এর আগে সোহরাওয়ার্দী উদ্যানে কাউন্সিল করার জন্য গণপূর্ত অধিদপ্তর বিএনপিকে অনুমতি দিয়েছিল। এ প্রসঙ্গে রিজভী বলেন, বিএনপি সেখানে যাবে না। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনকে কেন্দ্র করে তাঁরা সম্মেলনের প্রস্তুতি শুরু করবেন।
সম্মেলনের জন্য পুলিশের অনুমতির বিষয়ে জানতে চাইলে রিজভী বলেন, নিয়ম হচ্ছে পুলিশকে জানানো। বিএনপি আগে একবার পুলিশকে জানিয়েছে, আবারও জানাবে।
১৯ মার্চ বিএনপির ষষ্ঠ কাউন্সিল হবে। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, সোহরাওয়ার্দী উদ্যান, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, বসুন্ধরা কনভেনশন সিটিতে সম্মেলনের অনুমতি চেয়ে আবেদন করে বিএনপি। এর মধ্যে বসুন্ধরা কর্তৃপক্ষ বিএনপির আবেদন নাকচ করেছিল। এরপর থেকে খালেদা জিয়াসহ বিএনপির নেতারা অভিযোগ করছিলেন, তাঁদের সরকার সম্মেলনের জায়গা দিচ্ছে না।
খালেদা জিয়া ও তাঁর ছেলে তারেক রহমান আবার বিএনপির চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন। দলের শীর্ষ এই দুই পদে মা ও ছেলের কোনো প্রতিদ্বন্দ্বী পাওয়া যায়নি। এ দুটি পদে খালেদা ও তারেকের পক্ষেই শুধু মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। তাঁরা এখনো যথাক্রমে দলের চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যানের দায়িত্বে আছেন।
বিএনপির ষষ্ঠ কাউন্সিল সামনে রেখে গতকাল বুধবার চেয়ারম্যান ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ করা হয়। রিটার্নিং কর্মকর্তা বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র বিতরণ করেন। বেলা পৌনে ১১টার দিকে বিএনপির চেয়ারপারসন পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন বর্তমান চেয়ারপারসন খালেদা জিয়া। তাঁর পক্ষে এজেন্ট বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মনোনয়নপত্র নেন। বেলা সাড়ে তিনটার দিকে সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে তারেক রহমানের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান তারেক রহমানের এজেন্ট হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য ঘোষিত তফসিল অনুযায়ী, ২ মার্চ সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ, ৪ মার্চ মনোনয়নপত্র জমা, ৫ মার্চ যাচাই-বাছাই ও ৬ মার্চ সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। ১৯ মার্চ হবে নির্বাচন। ওই দিনই বিএনপির জাতীয় কাউন্সিল।
বিএনপির গঠনতন্ত্রে বলা আছে, জাতীয় কাউন্সিলের সদস্যদের সরাসরি ভোটে সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে তিন বছরের জন্য দলের চেয়ারম্যান নির্বাচিত হবেন।
সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচনের বিষয়টি গত ১০ ফেব্রুয়ারি দলের স্থায়ী কমিটির সভায় অনুমোদন দেওয়া হয়। এ জন্য ওই দিন দলের গঠনতন্ত্র সংশোধন করার প্রয়োজনীয় অনুমোদন দেন খালেদা জিয়া।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া ১৯৮৪ সাল থেকেই দলটির চেয়ারপারসনের দায়িত্বে আছেন। আর ছয় বছর আগে ২০০৯ সালের ডিসেম্বরে দলের সর্বশেষ কাউন্সিলে সিনিয়র ভাইস চেয়ারম্যান পদ তৈরি করে তাতে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে বসানো হয়।
আরও পড়ুন..