১১ বছর পর কাউন্সিল ছাড়াই রাজশাহী মহানগর যুবদলের ১৬৯ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের আহ্বায়ক ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়রকে এ বিষয়ে কিছুই জানানো হয়নি। এ নিয়ে মহানগর যুবদল ও বিএনপিতে অসন্তোষ দেখা দিয়েছে। প্রতিবাদে এরই মধ্যে দুই নেতা পদত্যাগ করেছেন।
মহানগর যুবদলের নতুন কমিটির সভাপতি করা হয়েছে ওয়ালিউল হক রানা ও সাধারণ সম্পাদক করা হয়েছে আবুল হাসনাইন হিকলকে। আর মহানগর বিএনপির কমিটি পুনর্বিন্যাস করে সিটি করপোরেশনের মেয়র ও মহানগর যুবদলের আহ্বায়ক মোসাদ্দেক হোসেনকে যুবদলের কমিটি থেকে রাজশাহী মহানগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি করা হয়েছে।
অপর দিকে মহানগর বিএনপির কমিটি থেকে জ্যেষ্ঠ সহসভাপতি নজরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলামকে বাদ দিয়ে মহানগর বিএনপির কমিটি পুনর্বিন্যাস করা হয়। মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আসলাম সরকারকে শফিকুল ইসলামের স্থলাভিষিক্ত করা হয়েছে।
আবার যুবদলের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব ও মাইনুল ইসলামকে মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।
সংবাদ সম্মেলনের মাধ্যমে গত শনিবার রাতে পুনর্বিন্যাস করা কমিটি প্রত্যাখ্যান করে দল থেকে পদত্যাগ করেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম। এরপর দল থেকে পদত্যাগ করেন মহানগর বিএনপির নতুন যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ সালাম।
নতুন কমিটি ঘোষণার পর শনিবার রাতে মোসাদ্দেক হোসেনের সমর্থকেরা বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনুর বাসা ঘেরাও করেন। তাঁরা কমিটি দুটি প্রত্যাখ্যান করে মোসাদ্দেক হোসেনকে মহানগর যুবদলের সভাপতি বা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক পদে রাখার দাবি জানিয়েছেন।
আবদুল্লাহ আল মাহমুদ সালাম বলেন, সর্বশেষ ২০০৩ সালে মহানগর যুবদলের কাউন্সিল করা হয়। এতে সভাপতি হন মোসাদ্দেক হোসেন ও সাধারণ সম্পাদক হন আসলাম সরকার। ২০১২ সালে সে কমিটি ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি করা হয়। এতে মোসাদ্দেক হোসেনকে আহ্বায়ক করা হয়।
আবদুল্লাহ আল মাহমুদ সালাম আরও বলেন, নতুন আহ্বায়ক কমিটির অধীনে মহানগর ৩০টি ওয়ার্ড কমিটি করার প্রক্রিয়া শুরু হয়। কিন্তু সিটি করপোরেশন নির্বাচন ও আন্দোলনের কারণে ১৩টি ওয়ার্ডে কমিটি হওয়ার পর সে প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। সম্প্রতি বাকি ওয়ার্ড কমিটি করার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। এরই মধ্যে কাউন্সিল ছাড়াই আহ্বায়ককে বাদ দিয়ে কমিটি ঘোষণা করা হয়েছে।
তিনি অভিযোগ করেন, যুবদলের কমিটির গুরুত্বপূর্ণ পদে ব্যবসায়ীদের বেিশ মূল্যায়ন করা হয়েছে। তাঁরা আগে সক্রিয়ভাবে দলের সঙ্গে জড়িত ছিলেন না। এ কমিটিতে দলে নবাগত ব্যবসায়ী আবুল হাসনাইনকে সাধারণ সম্পাদক করাসহ ১৭ জন ব্যবসায়ীকে গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে। তিনি বলেন হাসনাইন আগে যুবমৈত্রীর সঙ্গে জড়িত ছিলেন। ২০০৮ সালে তিনি বিএনপিতে যোগ দেন। মহানগর যুবদলের অনেক যোগ্য নেতা থাকা সত্ত্বেও রহস্যজনকভাবে তাঁকে মহানগরের সাধারণ সম্পাদক করা হয়েছে। এ কারণে তিনি দল থেকে পদত্যাগ করেছেন বলে জানান।
বিএনপির যুগ্ম মহাসচিব ও মহানগরের সভাপতি মিজানুর রহমান মিনু বলেন, গত শনিবার সন্ধ্যায় বিএনপির যুগ্ম মহাসচিব (দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক) রুহুল কবির রিজভী স্বাক্ষরিত কমিটি দুটির অনুমোদিত কপি ফ্যাক্সযোগে রাজশাহীতে পাঠানো হয়।
তবে মহানগর যুবদলের গুরুত্বপূর্ণ পদে ব্যবসায়ীদের মূল্যায়ন করা হয়েছে, এমন অভিযোগ অস্বীকার করে মিজানুর রহমান বলেন, কেন্দ্র থেকে কমিটি পাঠানো হয়েছে। দলের পরীক্ষিত নেতাদেরই গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে।
এ ব্যাপারে মেয়র ও যুবদলের সাবেক আহ্বায়ক মোসাদ্দেক হোসেনের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।