১৫ বছর পর কাল শনিবার খুলনা জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনকে ঘিরে তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে তেমন কোনো আগ্রহ নেই। গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত কাউন্সিলরদের কোনো তালিকাও তৈরি হয়নি। নগরের একটি হোটেলের মিলনায়তনে সম্মেলনের আয়োজন করা হলেও হয়নি কোনো সম্মেলন প্রস্তুতি কমিটি। তাই শেষ পর্যন্ত কাউন্সিল ছাড়াই নতুন নেতৃত্ব বেছে নেওয়া হতে পারে।
এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান প্রথম আলোকে বলেন, পূর্ণাঙ্গ জেলা কমিটি না থাকায় কাউন্সিলরদের তালিকা হয়নি। প্রস্তুতি কমিটি নেই, তবে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সব কাজ করা হচ্ছে। তিনি বলেন, সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান। উদ্বোধন করবেন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাইফুর রহমান এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।
সরেজমিনে দেখা গেছে, জেলার অন্তর্ভুক্ত ২৩টি ইউনিটে সম্মেলন নিয়ে তেমন কোনো তৎপরতা নেই। কোথাও কোনো পোস্টার, প্যানাফ্লেক্স, ব্যানার, ফেস্টুন দেখা যায়নি। অনেক নেতা-কর্মী জানেন না কোথায় সম্মেলন হবে।
বর্তমান সভাপতি আরাফাত হোসেন বলেন, বর্তমান কমিটি পূর্ণাঙ্গ না করায় অনেক নেতা-কর্মী ছাত্রলীগ থেকে ঝরে গেছেন। এর আগে ১৫ থেকে ২৫ জুলাই কেন্দ্র থেকে ঘোষণা দেওয়া হয়, জেলার অন্তর্গত যেসব ইউনিটে কমিটি নেই, সেখানে নতুন করে কমিটি দিতে হবে। সেই মোতাবেক বেশ কয়েকটি ইউনিটে নতুন কমিটি দেওয়া হয়। কিন্তু হঠাৎ করে কেন্দ্রের একটি বিজ্ঞপ্তিতে আটটি ইউনিট কমিটি বিলুপ্ত করায় তৃণমূলের নেতা-কর্মীরা হতাশ।
অন্তত ৩০ জন কর্মী প্রথম আলোকে জানান, সাড়ে পাঁচ বছরে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন না দেওয়ায় তাঁদের পরিশ্রমের মূল্যায়ন হয়নি। তাঁদের দলীয় পরিচয় দেওয়ার তেমন কিছু নেই। আর পূর্ণাঙ্গ কমিটি না থাকায় নেতৃত্ব জেলা আওয়ামী লীগের নেতাদের বলয়ের মধ্যেই থাকছে।
দলীয় সূত্রে জানা যায়, ২০০২ সালের ২৫ জুলাই সর্বশেষ জেলা ছাত্রলীগের সম্মেলন হয়। এরপর ২০১২ সালের ১০ জানুয়ারি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আরাফাত হোসেনকে সভাপতি এবং মুশফিকুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১৬ সদস্যের খুলনা জেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। ওই সময় দ্রুত পূর্ণাঙ্গ কমিটির নামের তালিকা দিতে নির্দেশ দেওয়া হয়। গত সাড়ে পাঁচ বছরেও কমিটি পূর্ণাঙ্গ হয়নি।
মুশফিকুর রহমান বলেন, মোট আটবার কেন্দ্রে পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা দেওয়া হলেও অজ্ঞাত কারণে তা অনুমোদন পায়নি। সর্বশেষ গত ১১-১২ জুন অনুষ্ঠিত প্রতিনিধি সভায়ও একটি তালিকা জমা দেওয়া হয়।
সংগঠনের একাধিক সূত্র জানায়, জেলা ছাত্রলীগের কমিটি পূর্ণাঙ্গ করার জন্য বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক দুই বছর ধরে চেষ্টা করছিলেন। কিন্তু জেলা আওয়ামী লীগের শীর্ষ দুই নেতার চাপে তা সম্ভব হয়নি। সম্প্রতি গঠন করা আটটি ইউনিট কমিটি ২২ জুলাই কেন্দ্র থেকে বিলুপ্ত করা হয়েছে। জেলা আওয়ামী লীগের শীর্ষ দুই নেতার আপত্তিতে এটা করা হয়।