ছয় বছর পর গতকাল বৃহস্পতিবার বগুড়া জেলা জাতীয় পার্টির (জাপা) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আগের মেয়াদোত্তীর্ণ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককেই নতুন কমিটির শীর্ষ দুই পদে বহাল রাখেন।
নতুন কমিটির সভাপতি হলেন বগুড়া-৬ আসনের সাংসদ শরিফুল ইসলাম। সাধারণ সম্পাদক হলেন বগুড়া-২ আসনের সাংসদ নুরুল ইসলাম ওমর।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় নেতা-কর্মীরা বলেন, কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্ধারণ হবে এমনটা প্রত্যাশা ছিল তাঁদের। কিন্তু মেয়াদোত্তীর্ণ কমিটির শীর্ষ পদে থাকা দলের দুই সাংসদ আবার নিজেদের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদে বহাল রাখার প্রস্তাব করেন। সেই আবদার পূরণ করতে গিয়ে চেয়ারম্যান সম্মেলনকে কাউন্সিল পর্বে গড়ানোর সুযোগ না দিয়ে তাঁদেরকেই ফের সভাপতি ও সম্পাদক বলে ঘোষণা দেন।
বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে ওই সম্মেলন হয়। বেলা সাড়ে ১১টার দিকে সম্মেলনস্থলে পৌঁছান এরশাদ। সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়। বেলা সাড়ে ১২টার দিকে সাংগঠনিক প্রতিবেদন পেশ করতে গিয়ে সাধারণ সম্পাদক ও বগুড়া-২ আসনের সাংসদ নুরুল ইসলাম ওমর পার্টির চেয়ারম্যানকে উদ্দেশ করে বলেন, ‘ছয় বছর আগে দলের ক্রান্তিলগ্নে সভাপতি ও সম্পাদকের দায়িত্ব দিয়েছিলেন। আমরা অক্লান্ত পরিশ্রম করে দলকে সুসংগঠিত করেছি। সম্মেলনে উপস্থিত নেতা-কর্মীদের প্রাণ আপনি। আপনি ছাড়া নেতা-কর্মীরা অচল। আপনাকেই নেতৃত্বে চান নেতা-কর্মীরা। একই সঙ্গে জেলা কমিটির নেতৃত্বে আবার সাংসদ শরিফুল ইসলাম ও আমাকে দেখতে চান তাঁরা।’
বগুড়া-৬ আসনের সাংসদ শরিফুল ইসলামও এরশাদকে উদ্দেশ করে বলেন, ‘নেতা-কর্মীরা ফের আমাকে সভাপতি পদে দেখতে চায়।’ এ সময় তিনি নেতা-কর্মীদের হাত উঁচিয়ে সমর্থন জানাতে বলেন।
চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ নেতা-কর্মীদের উদ্দেশ করে বলেন, ‘আমার দুটি প্রস্তাব আছে। আমি জানি আপনারা প্রস্তাবে রাজি হবেন। শরিফুল ইসলাম আগে নির্বাচন করেছেন। তাঁকে সভাপতি করলে আপনাদের নিশ্চয় আপত্তি নেই? আর নুরুল ইসলাম ওমর আমার সন্তান সমতুল্য। তাঁকে সেক্রেটারি করছি।’
জেলা জাপার সাবেক সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান বলেন, ‘দুই সাংসদ স্বপদে বহাল থাকার ব্যাপারে নিজেরা প্রস্তাব না করে অন্য কাউকে দিয়ে প্রস্তাব রাখলে তা ভালো দেখাত।’
সম্মেলনে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক বাণিজ্যমন্ত্রী জি এম কাদের বলেন, ‘দেশে বিরাজনীতিকরণ চলছে। জনগণের মত প্রকাশের সুযোগ নেই। জনগণ শাসিত ও শোষিত হচ্ছে। এই সংকটকালে জনগণকে সঙ্গে নিয়ে রাজনীতি করতে হবে জাপাকে।’
বগুড়া জেলা জাপার সভাপতি ও সাংসদ শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যদের মধ্যে ছিলেন পার্টির মহাসচিব ও সাংসদ এ বি এম রুহুল আমিন হাওলাদার, জেলা জাপার সাধারণ সম্পাদক ও সাংসদ নুরুল ইসলাম ওমর, সাংসদ নুরুল ইসলাম তালুকদার, আলতাফ আলী প্রমুখ।