কাউন্সিল বিএনপিকে পুনরুজ্জীবিত করেছে: ফখরুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কয়েক বছর ধরে বিএনপি প্রতিকূল পরিস্থিতিতে রাজনীতি করছে। এই অবস্থায় কাউন্সিল দলকে পুনরুজ্জীবিত করেছে। নতুন নেতৃত্বে আন্দোলনের সফলতা আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মির্জা ফখরুল গতকাল রোববার জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় অসুস্থ আইনুল হককে তাঁর জিগাতলার বাসায় দেখতে যান। সেখানে সাংবাদিকদের কাছে এ আশা প্রকাশ করেন মির্জা ফখরুল।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, কাউন্সিলের মাধ্যমে দল সংগঠিত হচ্ছে। গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর উদ্যোগের সমালোচনা করে তিনি বলেন, এই সরকার ক্ষমতায় আসার পর থেকে ধাপে ধাপে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়িয়ে চলেছে। দুর্নীতিকে জায়েজ করতে জনগণের টাকা হাতিয়ে নিতে এভাবে দাম বাড়ানো হচ্ছে। গ্যাস-বিদ্যুতের দাম বাড়ালে আন্দোলনে যাওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।