কাউন্সিল সফল করতে সরকারের সহায়তা আশা করছে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯ মার্চ দলের জাতীয় কাউন্সিল সফল করতে সরকারের সহায়তা আশা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কাউন্সিলের প্রস্তুতি দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপির কাউন্সিল উপলক্ষে সারা দেশে সাড়া জেগেছে। বিএনপি পুনরায় জেগে উঠবে এবং এই কাউন্সিল গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে অনন্য ভূমিকা রাখবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কাউন্সিলে সারা দেশ থেকে ৮০০ কাউন্সিলর যোগ দেবেন।
আরেক প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, কাউন্সিলের দিন ‘স্যাবোটাজের’ কোনো আশঙ্কা তাঁরা করছেন না। সুষ্ঠুভাবে কাউন্সিল শেষ হবে এবং এ জন্য সরকারের সহায়তা চান তিনি।
মির্জা ফখরুল বলেন, কাউন্সিল করতে বিএনপিকে অনেক বাধাবিপত্তি অতিক্রম করতে হয়েছে। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে স্থান সংকুলান হচ্ছে না। বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানের একটি অংশ ব্যবহারের অনুমতি চেয়েছে। তাঁরা আশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে অনুমতি দেবে।
শেষ পর্যন্ত বিএনপি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের পার্শ্ববর্তী সোহরাওয়ার্দী উদ্যানের একাংশ ব্যবহারের অনুমতি পেয়েছে। বিএনপির সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ প্রথম আলোকে বলেন, গতকাল বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানের ‘কিয়দংশ’ ব্যবহারের অনুমতি তাঁরা পেয়েছেন। সোহরাওয়ার্দী উদ্যানে একটি শামিয়ানা টানানোর অনুমতি দেওয়া হয়েছে।
গতকাল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গিয়ে দেখা যায়, পুরোদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইনস্টিটিউশন চত্বরে প্যান্ডেল তৈরির কাজ চলছে। এখানেই হবে উদ্বোধনী পর্ব। কাউন্সিলের দ্বিতীয় পর্ব হবে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে। কাউন্সিলরদের বসার জন্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের পাশে সোহরাওয়ার্দী উদ্যানের একটি অংশ ব্যবহার করা হবে।