নীলফামারীর সৈয়দপুরে পাঁচ বছর ধরে আওয়ামী লীগের সম্মেলন না হওয়ায় তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে। কেউ কেউ বলছেন, এতে জনগণের সঙ্গে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দূরত্ব বাড়ছে। তাই অনেকে দ্রুত কাউন্সিলের দাবি করেছেন।
উপজেলা আওয়ামী লীগ সূত্র জানায়, সৈয়দপুরে দলের দুটি কমিটি রয়েছে। একটি উপজেলা, অন্যটি পৌর কমিটি। ২০০৬ সালের ১৬ জানুয়ারি সম্মেলনের মাধ্যমে কমিটি দুটি গঠিত হয়। ৬৭ জন করে সদস্য নিয়ে ওই কমিটি দুটি তিন বছরের জন্য গঠিত হয়। কিন্তু আজ অবধি কোনো সম্মেলন হয়নি।
আওয়ামী লীগের কর্মী আজমল হোসেন বলেন, ‘বিরোধী রাজনীতি ঠেকাই আমরা। গ্রামগঞ্জে আমরাই প্রহরী। অথচ দলে আমাদের গুরুত্ব কম। কাউন্সিল (সম্মেলন) হচ্ছে না বলে আমরা নেতৃত্ব পাচ্ছি না।’
সৈয়দপুর পৌর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য সাখাওয়াৎ হোসেন জানান, দলের কাউন্সিল অনেক গুরুত্ব রাখে। কারণ এর মাধ্যমে নতুন নেতৃত্বের সৃষ্টি হয়। দীর্ঘদিন কাউন্সিল না হওয়ায় দল তৃণমূলের নেতৃত্ব থেকে বঞ্চিত হয়েছে। বর্তমানে দল দিবসভিত্তিক কর্মসূচি ছাড়া কোনো কর্মকাণ্ড পরিচালনা করছে না। এতে জনগণের সঙ্গে দূরত্ব বাড়ছে আওয়ামী লীগের। এ অবস্থায় তিনি দ্রুত কাউন্সিলের দাবি করেন।
সৈয়দপুর পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এজাজুল ইসলাম বলেন, দলকে সক্রিয় রাখতে সময়মতো কাউন্সিল প্রয়োজন। কোনো কারণে তা ঝুলে গেলে দলে হতাশা বাড়ে। সেই হতাশা দূর করতে হবে।
পৌর আওয়ামী লীগ সূত্র জানায়, দলকে চাঙা করতে ওপরের নির্দেশনা রয়েছে। শিগগিরই কাউন্সিল হবে। সে ক্ষেত্রে পৌর আওয়ামী লীগের নেতৃত্বে বিপুলসংখ্যক অবাঙালি আসতে পারেন।
পৌরসভা এলাকায় প্রায় ৪২ হাজার অবাঙালি (আটকে পড়া পাকিস্তানি) ভোটার রয়েছেন। গত উপজেলা পরিষদ নির্বাচনে অবাঙালি ভোটারদের অধিকাংশ ভোট পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী। এতে সহজেই চেয়ারম্যান পদে জয়ী হন পৌর আওয়ামী লীগের সভাপতি জাওয়াদুল হক। তিনি বলেন, ‘শিগগিরই দলের কাউন্সিল হবে। আমরা প্রক্রিয়া শুরু করেছি। আমাদের ওয়ার্ড পর্যায়ে ২০০ সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। আশা করছি, এর মাধ্যমে আমরা গতিশীল নতুন নেতৃত্ব পাব।’
এদিকে উপজেলা আওয়ামী লীগে এখন পর্যন্ত সম্মেলন অনুষ্ঠানের কোনো তোড়জোড় নেই। শুরু হয়নি সদস্য সংগ্রহ। ফলে গ্রাম পর্যায়ে ক্ষোভ বাড়ছে বলে তৃণমূলের অনেক কর্মী জানিয়েছেন।
এ প্রসঙ্গে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখতার হোসেন বলেন, ‘আমি ঢাকায় আছি। দু-এক দিনের মধ্যেই এলাকায় ফিরছি। শিগগিরই কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী দলকে চাঙা করার কৌশল হাতে নেব। আশা করছি, সদস্য সংগ্রহ ও সদস্য নবায়নের মধ্য দিয়ে আগামী শীত মৌসুমের মধ্যেই দলের কাউন্সিল হবে।’