রাজশাহী সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব পেলেন ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিজাম উল আযীম। গতকাল সোমবার এ-সংক্রান্ত একটি চিঠি রাজশাহী সিটি করপোরেশনে এসে পৌঁছেছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে গত রোববার বিকেলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব সরোজ কুমার নাথ এই চিঠিতে স্বাক্ষর করেছেন। রাজশাহী সিটি করপোরেশন সূত্র চিঠি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছে।
এই চিঠিতে বলা হয়েছে, যেহেতু রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের বিরুদ্ধে রাজশাহীর বোয়ালিয়া থানার ৪১, ০৮, ৩৭, ৩৮ নম্বর মামলার এজাহার রাজশাহী মহানগর মুখ্য হাকিম আদালত কর্তৃক গৃহীত হয়েছে, সিটি করপোরেশন আইন ২০০৯-এর উপধারা ১ অনুযায়ী গত ৭ মে তাঁকে বরখাস্ত করা হয়েছে।
চিঠিতে আরও বলা হয়েছে, ওই আইনের ১২ ধারার উপধারা ৩ অনুযায়ী সাময়িক বরখাস্ত হলে আদেশ প্রাপ্তির তিন দিনের মধ্যে মেয়রের প্যানেল মেয়রদের জ্যেষ্ঠ সদস্যের কাছে তাঁর দায়িত্ব অর্পণের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু তিনি প্যানেল মেয়রের কোনো সদস্যের কাছে দায়িত্বভার হস্তান্তর করেননি, তাঁর বিরুদ্ধে আদালতে ফৌজদারি মামলার অভিযোগপত্র রয়েছে এবং তিনি সিটি করপোরেশনে উপস্থিত হচ্ছেন না। তাই সিটি করপোরেশনের নাগরিক সেবা অব্যাহত রাখার স্বার্থে আইনের ২০০৯-এর ধারা ১০৫-এ প্রদত্ত ক্ষমতাবলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিটি করপোরেশনের ২১ নম্বর সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর নিজাম উল আযীমকে রাজশাহী সিটি করপোরেশনের সব ধরনের আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করার ক্ষমতা অর্পণ করা হলো।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, ১ নম্বর প্যানেল মেয়র আনোয়ারুল আমিন আযম বর্তমানে কারাগারে। ২ নম্বর প্যানেল মেয়র নূরুজ্জামান মামলার আসামি হয়ে পলাতক। ৩ নম্বর প্যানেল মেয়র নূরুন্নাহার বেগম। তিনি সংরক্ষিত ওয়ার্ড থেকে নির্বাচিত। সাধারণত নির্বাচিত মেয়রের অনুপস্থিতিতে তাঁরই দায়িত্ব পাওয়ার কথা ছিল। তিনি বিএনপি-সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন। তাঁর ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব নেওয়ার ইচ্ছাও ছিল। কিন্তু তাঁকে নিয়ে জটিলতা তৈরি হয়।
সিটি করপোরেশনের একটি সূত্র জানিয়েছে, এ সমস্যা সমাধানের জন্য রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় থেকে তিনজন
কাউন্সিলরের নাম দিয়ে নতুন একটি প্যানেলের তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়।
প্রস্তাবিত এই প্যানেলের ১ নম্বরে ছিলেন ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কামরুজ্জামান, ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিজাম উল আযীম ও ৩ নম্বর সংরক্ষিত নারী আসনের নির্বাচিত সদস্য মুসলিমা বেগম বেলী। তাঁদের মধ্যে প্রথম দুজন আওয়ামী লীগের অনুসারী এবং তৃতীয়জন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য।