বগুড়ার শেরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে উপনির্বাচনে জাকারিয়া মাসুদ টেবিল ল্যাম্প প্রতীক নিয়ে ১ হাজার ৩৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন রেজাউল হক। তিনি উটপাখি প্রতীক নিয়ে ৫২৮ ভোট পেয়েছেন।
গতকাল সোমবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ওয়ার্ডের টাউন কলোনি এ জে উচ্চবিদ্যালয়ে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটাধিকার প্রয়োগ করেছেন মোট ভোটারের শতকরা ৭০ দশমিক ৫৩ ভাগ।
সত্যতা নিশ্চিত করে নির্বাচনে দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল কাইয়ুম বলেন, ওয়ার্ডের ২ হাজার ৬৭৭ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১ হাজার ৮৮৮ জন। ভোট চলাকালে ভোটকেন্দ্রের ভেতরে ও বাইরে র্যাব ও পুলিশ মোতায়েন ছিল।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান বলেন, উপনির্বাচনে ওই দুজন প্রার্থী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ২০১৫ সালের ৩০ ডিসেম্বর এই ওয়ার্ডে অনুষ্ঠিত নির্বাচনে এ বি এম মোস্তাফিজুর রহমান কাউন্সিলর পদে নির্বাচিত হন। গত বছরের (২০১৬) ২৬ জুন তাঁর মৃত্যুতে গতকাল এই ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচিত হন এ বি এম মোস্তাফিজুর রহমানের ছোট ভাই জাকারিয়া মাসুদ। তিনি স্থানীয় বিএনপি-সমর্থিত প্রার্থী ছিলেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রেজাউল করিম ছিলেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী।