কাউন্সিলর প্রার্থী বাছাইয়ে হিমশিম খাচ্ছে আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ৯২টি ওয়ার্ডে ৫০০-র বেশি কাউন্সিলর প্রার্থী সরকারি দল আওয়ামী লীগের সমর্থনপ্রত্যাশী। এত অধিকসংখ্যক প্রার্থীর চাপে প্রতিটি ওয়ার্ডে একক প্রার্থী বাছাই করতে হিমশিম খাচ্ছেন দলের দায়িত্বপ্রাপ্ত নেতারা।
স্থানীয় সাংসদ, ঢাকা মহানগর আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ও শীর্ষস্থানীয় নেতারা আলাদা তালিকা জমা দিচ্ছেন দলের সংশ্লিষ্ট কমিটির কাছে। এসব তালিকা যাচাই-বাছাই করে একক প্রার্থী দাঁড় করাতে হিমশিম খাচ্ছেন দায়িত্বপ্রাপ্ত নেতারা। প্রতি ওয়ার্ডে গড়ে চার-পাঁচজন করে প্রার্থী কাউন্সিলর পদে দলীয় সমর্থন চাইছেন বলে সংশ্লিষ্ট একাধিক নেতা জানিয়েছেন।
আওয়ামী লীগের সূত্র জানায়, দলের জ্যেষ্ঠ নেতাদের প্রধান করে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন কার্যক্রম সমন্বয়, প্রচার ও কাউন্সিলর প্রার্থী ঠিক করার জন্য দলীয়ভাবে সাতটি কমিটি করা হয়েছে। সংসদীয় আসনের ভিত্তিতে গঠিত এ কমিটিগুলোর প্রধান হলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তাঁর দায়িত্বে রয়েছে ঢাকা-৪, ঢাকা-৫, ঢাকা-৮ ও ঢাকা-৯ সংসদীয় আসন। দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ পেয়েছেন ঢাকা-৬ ও ঢাকা-৭ আসনের দায়িত্ব। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ দেখবেন ঢাকা-১১ আসন। সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম ঢাকা-১৪ আসন। ঢাকা-১৫ ও ঢাকা-১৬ আসনের দায়িত্বে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। ঢাকা-১৭ ও ঢাকা-১৮ আসনের দায়িত্বে সাহারা খাতুন। এসব কমিটিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাসহ সাংসদেরা থাকবেন।
এ ছাড়া ঢাকা উত্তর ও দক্ষিণে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন যথাক্রমে এ কে এম রহমতউল্যাহ ও এম এ আজিজ।
দলীয় সূত্রে জানা যায়, কাউন্সিলর পদে দলীয় সমর্থন পেতে আগ্রহী প্রার্থীরা নিজ এলাকার দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। নেতাদের বাড়ি এমনকি তাঁদের অফিসেও ধরনা দেওয়া শুরু করেছেন তাঁরা।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর একজন সদস্য জানান, প্রতি ওয়ার্ডে একক প্রার্থী বাছাইয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে কাউন্সিলর প্রার্থী বাছাই করতে গিয়ে প্রতিটি ওয়ার্ডে দলীয় কোন্দল দেখা দিয়েছে। সহযোগী সংগঠনের মধ্যে যুবলীগ এরই মধ্যে দক্ষিণে ১৪ জন, উত্তরে ৩৪ জন, স্বেচ্ছাসেবক লীগ দক্ষিণে ১১ এবং উত্তরে ১৫ জনের তালিকা ধানমন্ডির কার্যালয়ে জমা দিয়েছে।
বিভক্ত মহানগর আওয়ামী লীগ: দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে সমর্থন নিয়ে কার্যত বিভক্ত হয়ে পড়েছে মহানগর আওয়ামী লীগ। গতকাল সাঈদ খোকন মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজকে নিয়ে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সন্ধ্যায় সাঈদ খোকন গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী তাঁকে নির্বাচনের ব্যাপারে সর্বাত্মক প্রস্তুতি নিতে বলেছেন বলে গতকাল রাতে তিনি জানিয়েছেন।
অন্যদিকে অপর মনোনয়নপ্রত্যাশী হাজি মোহাম্মদ সেলিমকে পাশে রেখে মহানগরের বর্ধিত সভায় দুই শীর্ষ নেতা বলেছেন, প্রার্থী সমর্থনের বিষয়ে দলীয় সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। কাল হাজি সেলিমও মনোনয়নপত্র কিনেছেন।