কাউন্সিলর প্রার্থী হলে দলে পদ নয়
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে যাঁরা আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী হবেন, তাঁরা দলের পদ পাবেন না। দলের সিদ্ধান্তের বাইরে গেলে ‘পরিণতি ভালো হবে না’।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা দলের নেতাদের প্রতি এই হুঁশিয়ারি দিয়েছেন।
প্রধানমন্ত্রী দলের নেতা-কর্মীদের উদ্দেশ করে বলেছেন, কেউ দলের কাউন্সিলর প্রার্থী হবে; কেউ কমিটিতে থাকবে, এভাবে সমঝোতা করে নিতে হবে।
আজ শুক্রবার রাতে গণভবনে দলের নেতা-কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সব নেতা এবং সব থানা, ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নৈশভোজে ডাকেন শেখ হাসিনা। সেখানে দলের নেতাদের সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিভিন্ন পরামর্শ দেন প্রধানমন্ত্রী। সেখানে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী যথাক্রমে সাঈদ খোকন ও আনিসুল হককে পরিচয় করিয়ে দেন তিনি। সন্ধ্যা সাড়ে সাতটায় অনুষ্ঠানটি শুরু হয়ে শেষ হয় রাত সাড়ে আটটার দিকে।
অনুষ্ঠানে উপস্থিত আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর একজন সদস্য এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি পদমর্যাদার একজন নেতা ‘প্রথম আলো’কে জানান, প্রধানমন্ত্রী বলেছেন, যাঁরা কাউন্সিলর পদে থাকবেন, তাঁরা পার্টিতে পদ পাবেন না। প্রধানমন্ত্রী এভাবে সমঝোতা করে নিতে নির্দেশ দিয়েছেন।
ওই দুজন নেতা বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সরকারি দল জিতেই যাবে, এটা ভাবলে ভুল হবে। তিনি বলেন, সবাই মনে করেন, সরকারি দলে থাকলে জিতে যাবেন। এই ধারণা সরকারি দলের জন্য অসুবিধা। তিনি বলেন, তাঁরা চান বিএনপি নির্বাচনে অংশ নেবে।
ওই দুজন নেতা বলেছেন, প্রধানমন্ত্রী বলেছেন কাউন্সিলরদের বাছাই করতে তিনি কমিটি করে দিয়েছেন। ওই কমিটি দায়িত্ব পালন করবে। তাঁর কাছে কিছু তথ্য আছে, সেগুলোও দেবেন। এর সঙ্গে ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতাদেরও থাকতে বলেছেন তিনি।
অনুষ্ঠানে রাজধানীর চারটি থানার চারজন কাউন্সিলর পদপ্রার্থী বক্তব্য দেন। আওয়ামী লীগের শীর্ষস্থানীয় সব নেতাই ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।