নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভা নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর প্রার্থী আনোয়ার হোসেন তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন। গতকাল রোববার দুপুরে চৌমুহনী গণমিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। তিনি এই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর।
গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডের দুটি কেন্দ্রেই সংঘর্ষ হয়। এ ঘটনায় দুটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করেন প্রিসাইডিং কর্মকর্তা। ফলে এই ওয়ার্ডে নতুন করে ভোট গ্রহণ করা হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আনোয়ার হোসেন দাবি করেন, ষড়যন্ত্রের অংশ হিসেবে নির্বাচনে পরিকল্পিতভাবে ৫ নম্বর ওয়ার্ডের দুটি কেন্দ্রে গন্ডগোল করা হয়। তিনি বলেন, ৫ নম্বর ওয়ার্ডের (গণিপুর) মানুষ ভোট দিয়ে তাঁকে পরপর তিনবার কাউন্সিলর নির্বাচিত করেছেন। এলাকায় উন্নয়নে তিনি অবদান রেখেছেন। এতে ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে।
আনোয়ার হোসেন দাবি করেন, ভোট গ্রহণ স্থগিত হওয়ার পরও তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ হয়নি। নির্বাচনের পরদিন ফয়েজ আহমদ নামের এক ব্যক্তির ওপর হামলা হয়। এ ঘটনার সঙ্গে তাঁর নাম জড়িয়ে নানাভাবে অপপ্রচার চালানো হচ্ছে। তাঁর দাবি, হামলার ঘটনায় যাঁদের নাম এসেছে তাঁদের একজন সুমন ও তাঁর বাবা প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থী ইসমাইল হোসেনের সমর্থক। ষড়যন্ত্র থেকে বাঁচতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
জানতে চাইলে ইসমাইল হোসেন বলেন, সুমনের বাবা নির্বাচনে তাঁর পক্ষে নির্বাচন করলেও সুমন আনোয়ার হোসেনের পক্ষে কাজ করেছেন বলে দাবি করেন। তিনি বলেন, ভোটের দিন কেন্দ্রে কে কী করেছে, তা এলাকার সবাই দেখেছে।