কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ
টাঙ্গাইলের সখীপুর পৌরসভার সংরক্ষিত ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শেফালী আক্তারের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার ওই ওয়ার্ডের আরেক কাউন্সিলর প্রার্থী রাফেজা আক্তার জেলা প্রশাসকের কাছে এ অভিযোগ করেন।
জানা গেছে, ২০১১ সালের পৌর নির্বাচনে শেফালী আক্তার হলফনামায় নিজেকে এসএসসি পাস হিসেবে উল্লেখ করলেও এবারের নির্বাচনের হলফনামায় তিনি ‘সাক্ষরজ্ঞান’ বলে উল্লেখ করেছেন। গত রোববার সকালে মনোনয়ন যাচাইকালে জনসমক্ষে রিটার্নিং কর্মকর্তা তথ্য গোপন করার অভিযোগ এনে শেফালী আক্তারের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। কিন্তু বিকেলে তিনি তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
রাফেজা আক্তার বলেন, ‘আমি শেফালী আক্তারের মনোনয়ন বাতিল আপিল করেছি। কিন্তু আপিল করতে গেলে সখীপুর পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও আমার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।’
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা এস এম রফিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনিও কোনো উত্তর না দিয়ে এ প্রতিনিধির সঙ্গেও অসৌজন্যমূলক আচরণ করেন।