কাউন্সিলরকে গ্রেপ্তারের দাবি জানাল মহিলা আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতা মামলার আসামি রংপুর সিটি করপোরেশনের কাউন্সিলর ও ছাত্রশিবিরের সাবেক নেতা শাফিউল ইসলাম ওরফে শাফিকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে মহানগর মহিলা আওয়ামী লীগ। গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ সমাবেশ ও পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করে এ দাবি জানানো হয়।
বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত শহরের কাচারি বাজারে বিক্ষোভ সমাবেশ করেন সংগঠনের নেতা-কর্মীরা। মহানগর মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক মমতাজ বেগমের সভাপতিত্বে এতে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াছ আহমেদ, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল, মহিলা আওয়ামী লীগের জাকিয়া সুলতানা, ঝর্ণা বেগম প্রমুখ বক্তব্য দেন।
বিক্ষোভ সমাবেশ শেষে পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করা হয়। বিক্ষোভকারীরা প্রায় পৌনে এক ঘণ্টা এ কার্যালয়ের সামনে প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল তাঁর বক্তৃতায় বলেন, নাশকতার মামলার প্রধান আসামি শাফিউলকে দলে নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ জামায়াত-শিবিরের অপরাজনীতিকে উৎসাহিত করেছেন। রংপুরবাসীকে করেছেন অপমানিত। একই দাবিতে মঙ্গলবার জেলা যুবলীগ ও মহানগর ছাত্রলীগ বিক্ষোভ করে।
একসময় কারমাইকেল কলেজ শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক ছিলেন শাফিউল।
মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান ও সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডলের সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৮৮ থেকে ১৯৯২ সাল পর্যন্ত কারমাইকেল কলেজে ছাত্রশিবিরের নেতা হিসেবে শাফির দাপট ও ভয়ে কেউ ক্যাম্পাসে মুখ খোলার সাহস পেতেন না। তাঁর হাতে অনেক ছাত্রনেতা তখন লাঞ্ছিত হয়েছেন। সাবেক শিবির নেতা নিজেকে বাঁচানোর জন্য জাতীয় পার্টিতে যোগদান করেন।
গত ৩০ নভেম্বর তিনি ঢাকায় জাতীয় পার্টিতে যোগ দেন বলে জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক সচিব সুনীল শুভ রায় নিশ্চিত করেছেন। জানতে চাইলে কাউন্সিলর শাফিউল প্রথম আলোকে বলেন, ‘আমার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমি একসময় শিবির করতাম। এখন করি না। এরশাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে জাতীয় পার্টিতে যোগ দিয়েছি।’ পুলিশ সূত্র জানায়, গত বছর বিএনপি-জামায়াত জোটের অবরোধ-হরতালে নাশকতার অভিযোগে ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাফিউলের বিরুদ্ধে দুটি মামলা হয় কোতোয়ালি থানায়। ওই মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগ এনে আদালতে ইতিমধ্যে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
এ বিষয়ে পুলিশ সুপারের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক বলেন, ‘আমরা আদালতে অভিযোগপত্র দিয়েছি। গ্রেপ্তারি পরোয়ানা হলেই ব্যবস্থা নেওয়া হবে।’ ২০১২ সালে রংপুর সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন শাফিউল।