কাউন্সিলরদের পছন্দ উটপাখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌরসভা নির্বাচনে সাধারণ কাউন্সিলর প্রার্থীদের জন্য এবার ঢ্যাঁড়স, উটপাখি, স্ক্রু ড্রাইভার, টিউবলাইট, গাজর, ব্ল্যাকবোর্ডসহ ১২টি প্রতীক বরাদ্দ করা হয়েছে। উটপাখি ছাড়া অন্যান্য প্রতীক পছন্দ করছেন না লক্ষ্মীপুরের রায়পুর ও রামগঞ্জ পৌরসভা নির্বাচনে সাধারণ কাউন্সিলর প্রার্থীরা। অনেকে অন্যান্য প্রতীকের বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন।
রায়পুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও কাউন্সিলর প্রার্থী আইনুল কবির মনির বলেন, ‘কাউন্সিলর প্রার্থীদের জন্য এসব প্রতীক নির্ধারণ করে তাঁদের অসম্মানিত করা হয়েছে। নির্বাচনের পরে প্রতীক নিয়ে আদালতে মামলা করব।’
রামগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. শাহাজান, ৬ নম্বর ওয়ার্ডের মামুনুর রশিদ, রায়পুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবদুর কাদের রিয়াজ জানান, ঢ্যাঁড়স, স্ক্রু ড্রাইভার, টিউবলাইট ও গাজর—এ চারটি প্রতীক দেখতে প্রায় একই রকম। গ্রামের সাধারণ মানুষ যাঁরা লেখাপড়া জানেন না, তাঁরা এ প্রতীকগুলো চিনতে পারবেন না। এ কারণে প্রার্থীরা বেকায়দায় পড়বেন। অথচ বিগত নির্বাচনগুলোতে কাউন্সিলর প্রার্থীদের জন্য মই, মোরগ, রিকশা, ডাবসহ বিভিন্ন প্রতীক বরাদ্দ করা হয়েছিল। কয়েকজন কাউন্সিলর প্রার্থী জানান, প্রতীকগুলোর মধ্যে উটপাখি একটু ভালো। এ জন্য অধিকাংশ প্রার্থীই উটপাখি প্রতীক চেয়েছেন।
রায়পুর ও রামগঞ্জ উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, রায়পুর পৌরসভা নির্বাচনে সাধারণ কাউন্সিলর প্রার্থী ৩৯ জন। এঁদের মধ্যে ৩০ জনই উটপাখি প্রতীক চেয়েছেন। আর রামগঞ্জে সাধারণ কাউন্সিলর প্রার্থী ৭৫ জন। তাঁদের মধ্যে ৬০ জনই উটপাখি চেয়েছেন।
আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (কুমিল্লা অঞ্চল) বিভোর কুমার বিশ্বাস বলেন, প্রতীকগুলো ভালো হয়নি সত্য। অনেক প্রার্থীর কাছে প্রতীকগুলো খারাপ লাগছে। এগুলো পরিবর্তনের সুযোগ নেই।