১৯৯২ সালের পর চট্টগ্রামের পটিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হতে যাচ্ছে। কাউন্সিলরদের সমর্থন পেতে তাঁদের বাড়ি বাড়ি ঘুরছেন সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীরা।
দলীয় সূত্র জানায়, সভাপতি পদে বর্তমান সভাপতিসহ দুজন এবং সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদকসহ পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সূত্র জানায়, ২০০৫ সালে আ ক ম সামশুজ্জামান চৌধুরীকে সভাপতি ও বিজন চক্রবর্তীকে সাধারণ সম্পাদক করে দুই সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়। ২০০৮ সালে পূর্ণাঙ্গ অ্যাডহক কমিটি করা হয়।
গত ৮ অক্টোবর পটিয়ার একটি কমিউনিটি সেন্টারে উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের পৃথক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা ও পৌরসভার সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়। তা ছাড়া উপজেলা ও পৌরসভার কাউন্সিলর নির্বাচিত করার জন্য পটিয়ার সাংসদ সামশুল হক চৌধুরীর নেতৃত্বে কমিটি গঠন করা হয়। কমিটি ১৭টি ইউনিয়ন ও পৌরসভার নয়টি ওয়ার্ডে সভা করে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড থেকে ২১ জন করে কাউন্সিলর নির্বাচন করে।
২৩ ও ২৪ নভেম্বর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হবে।
দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিলর সঞ্জীব চক্রবর্তী গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, প্রার্থীরা একের পর এক তাঁর বাড়িতে আসছেন। গতকালও পাঁচজন প্রার্থী তাঁর বাড়িতে এসেছেন।
কেলিশহর ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিলর সিদ্দিক আহমেদ বলেন, ‘আগে পকেট কমিটি হতো। এখন গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতা নির্বাচন হবে। প্রার্থীরা ভোট চাইতে তৃণমূল নেতাদের বাড়ি বাড়ি আসছেন, যা খুবই ইতিবাচক।’
সাধারণ সম্পাদক প্রার্থী মর্তুজা কামাল বলেন, এই সম্মেলনকে ঘিরে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ দেখা যাচ্ছে।
দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক (সভাপতি প্রার্থী) রাশেদ মনোয়ার বলেন, তিন মাসের জন্য গঠিত অ্যাডহক কমিটি প্রায় ১০ বছর পার করে দিয়েছে। ওই কমিটি এ সময়ের মধ্যে কোনো ইউনিয়ন ও ওয়ার্ডে সাংগঠনিক কাঠামো গড়ে তুলতে পারেনি। তাদের কাজ ছিল সাংসদ সামশুল হক চৌধুরীর সঙ্গে চট্টগ্রাম শহর থেকে পটিয়ায় এসে সাংসদের অনুষ্ঠানে বক্তব্য দেওয়া।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক (সাধারণ সম্পাদক প্রার্থী) সিরাজুল ইসলাম বলেন, সভাপতি ও সাধারণ সম্পাদক গত ১০ বছরে কার্যকরী সংসদের একটি সভাও করেননি। তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার জন্য তাঁদের কোনো প্রচেষ্টা ছিল না।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম সামশুজ্জামান চৌধুরী সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘পটিয়ায় অন্তঃকোন্দল মীমাংসা করে আমরা দলকে ঐক্যবদ্ধ করে সামশুল হক চৌধুরীকে নির্বাচনে বিজয়ী করে এনেছি।’ তিনি আরও বলেন, ‘যাঁরা আজ আমার বিরোধিতা করছেন, তাঁরাই সেদিন আওয়ামী লীগের প্রার্থীরও বিরোধিতা করেছেন।’
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন চক্রবর্তী প্রতি মাসে কার্যকরী কমিটির সভা হয়েছে বলে দাবি করেন।