নড়াইলে আওয়ামী লীগের নেতারা কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে জেলা কমিটি গঠনের দাবি জানিয়েছেন। নড়াইল চৌরাস্তা মোড়ে গত সোমবার আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তাঁরা এ দাবি করেন।
বক্তারা আওয়ামী লীগের জেলা সভাপতি সুবাস বোসের নানা কর্মকাণ্ডের সমালোচনা করেন। সভায় জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ছিদ্দিক আহম্মদ সভাপতিত্ব করেন। আরও বক্তব্য দেন আওয়ামী লীগের জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মোহম্মদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন বিশ্বাস, গোলাম নবী, ওমর ফারুক, ছাত্রলীগের তোফায়েল মাহামুদ প্রমুখ।
বক্তারা বলেন, গত ১৫ ফেব্রুয়ারি আওয়ামী লীগের জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম, সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ প্রমুখ উপস্থিত ছিলেন। দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের ভোটাভুটি ছাড়াই সুবাস বোসকে সভাপতি ও নিজাম উদ্দীন খানকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
সৈয়দ মোহম্মদ আলী বলেন, সুবাস বোস কোনো দিন রাজনীতি করেননি। বিগত দিনে কেন্দ্র থেকে তাঁকে জেলা আওয়ামী লীগের সভাপতি করায় দলের অনেক ক্ষতি হয়েছে।
সোহরাব হোসেন বিশ্বাস বলেন, কেন্দ্রীয় নেতারা কাউন্সিলরদের মতামত না নিয়ে দ্বিতীয়বারের মতো সুবাস বোসকে সভাপতি করেন।
ছিদ্দিক আহম্মদ বলেন, আবারও সুবাস বোসকে দলের সভাপতি ঘোষণা করায় তৃণমূলের নেতা-কর্মীরা হতাশ হয়ে পড়েছেন। তথাকথিত ওই ঘোষণা স্থগিত রেখে গঠনতন্ত্র অনুযায়ী ১৩৫ জন কাউন্সিলরের মতামতের ভিত্তিতে আগামী দিনে দলের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।
এ বিষয়ে সুবাস বোসের সঙ্গে কথা বলতে একাধিকবার চেষ্টা করেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। জানা গেছে তিনি ঢাকায় আছেন।