বগুড়া জেলা আওয়ামী লীগের সম্মেলন ১০ ডিসেম্বর। অথচ সম্মেলনে কাউন্সিলর কারা, তা বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন ছাড়া কারও জানা নেই বলে অভিযোগ উঠেছে।
সম্মেলনে কারা ভোটাধিকার প্রয়োগ করবেন সেই তালিকা এখনো জানা নেই তিন সদস্যের নির্বাচন কমিশনেরও। অভিযোগ আছে, মমতাজ উদ্দিন কাউন্সিলর তালিকা নিজের কাছে রেখে কমিশন সভাপতি ও সম্পাদক পদে প্রতিদ্বন্দিতা করতে ইচ্ছুকদের মনোনয়নপত্র উত্তোলন ও দাখিলের জন্য ৫ ডিসেম্বর কয়েক ঘণ্টার সময় বেঁধে দেন। এরপর তিনি তফসিল ঘোষণা করেন।
মুঠোফোনে জানতে চাইলে মমতাজ উদ্দিন বলেন, এখনো সময় আছে। যথাসময়ে কাউন্সিলরের তালিকা প্রকাশ করা হবে।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাগেবুল আহসান বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত যেকোনো নির্বাচনে ঘোষিত তফসিলে নানা ধাপ থাকে। খসড়া ভোটার তালিকা প্রকাশ, ভোটার তালিকা নিয়ে আপত্তি ও নিষ্পত্তি এবং তারপর মনোনয়নপত্র উত্তোলন ও দাখিলের তারিখ, বাছাই, আপিলের তারিখ এবং সব শেষে তফসিলে নির্বাচনের তারিখ উল্লেখ করা হয়। কিন্ত এ সম্মেলনের ঘোষিত তফসিলে কাউন্সিলর তালিকা প্রকাশ না করে এক দিনেই মনোনয়ন বিক্রি, দাখিল ও বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। নির্বাচন কমিশনের কাছে তালিকা চেয়ে তিন দিন আগে লিখিত আবেদন করেও ৮ ডিসেম্বর পর্যন্ত সেই তালিকা পাননি তাঁরা।
তিনি বলেন, ‘সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন তুলেছি। অথচ নিজেই জানি না কাউন্সিলর কারা। তাহলে ভোট বা সমর্থন চাইব কার কাছে?’
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন নেতা অভিযোগ করেন, জেলার ১৪টি সাংগঠনিক কমিটির মধ্যে পাঁচটি উপজেলা কমিটিসহ ছয়টি সাংগঠনিক কমিটির সম্মেলনে গঠনতন্ত্র অনুসরণ না করে মমতাজ উদ্দিন কমিটি ঘোষণা করেন। প্রতিবাদে তাঁরা সবগুলোতেই পাল্টাপাল্টি কমিটি ঘোষণা করেন। এদিকে মমতাজ উদ্দিন ঘোষিত কমিটিগুলোর ব্যাপারে কেন্দ্রীয় কমিটির কাছে লিখিত আপত্তিও জানানো হয়। কিন্ত একমাত্র শহর কমিটি ছাড়া অন্য পাঁচটি সাংগঠনিক কমিটির ব্যাপারে কোনো কার্যকর সুরাহা হয়নি।
সম্মেলনের জন্য গঠিত তিন সদস্যের নির্বাচন কমিশনের চেয়ারম্যান আবদুল মতিন বলেন, কাউন্সিলরের তালিকা এখনো কমিশন হাতে পায়নি। তালিকা কমিশন হাতে পেলে তা প্রতিদ্বন্ধী প্রার্থীদের কাছে সরবরাহ করা হবে।
মমতাজবিরোধী কয়েকজন বলেন, মমতাজ উদ্দিন কোনো গঠনতন্ত্রের ধার ধারেন না। একক সিদ্ধান্তে দল চালান তিনি। তাঁর সিদ্ধান্তের বাইরে গেলেই রোষানলে পড়তে হয়। তাঁর কথামতো না চলার কারণে দল থেকে অনেক ত্যাগী নেতা ছিটকে পড়েছেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান বলেন, গঠনতন্ত্র অনুসরণ করেই উপজেলা সম্মেলন হয়েছে। পাল্টা কমিটির মাধ্যমে যাঁরা কেন্দ্রীয় কমিটির কাছে আপিল করেছিলেন, তাঁদের সেই আপিল খারিজ হয়েছে। এখন কমিটিতে স্থান না পেয়ে পদবঞ্চিত নেতারা কে কী বলছেন, তাতে জেলা কমিটির কিছু যায় আসে না।