
তিনি কার্যালয়ে আসেন না বললেই চলে। জরুরি প্রয়োজনে তাঁকে ফোনেও পাওয়া যায় না। তেমনি সাক্ষাতের জন্য বাড়িতে গেলেও তাঁর দেখা পাওয়া মুশকিল। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল হাসেমকে নিয়ে এমন অভিযোগ এলাকার অনেক বাসিন্দার।
স্থানীয় বেশ কয়েকজন বাসিন্দা বলেন, কাউন্সিলর নিয়মিত কার্যালয়ে না আসায় একদিকে যেমন তাঁদের সেবা পেতে অসুবিধা হয়, তেমনি এলাকার উন্নয়ন কর্মকাণ্ডেও প্রভাব পড়ছে।
ডিএনসিসির ৩০ নম্বর ওয়ার্ডের আয়তন প্রায় আড়াই বর্গকিলোমিটার। ওয়ার্ডের জনসংখ্যা তিন লাখের মতো। হোল্ডিং সংখ্যা ৫ হাজার ৭৪২। ভোটার এক লাখের বেশি। ওয়ার্ডের সীমানা উত্তরে কল্যাণপুর বাঁশপট্টি থেকে গৈদার খাল, পূর্বে রিংরোড, পশ্চিমে বুড়িগঙ্গা নদী ও দক্ষিণে চন্দ্রিমা উদ্যান পর্যন্ত। এর আওতাভুক্ত এলাকাগুলো হচ্ছে হোসেন হাউজিং, হলি লেন, ঢাকা হাউজিং, আদর্শ ছায়ানীড়, পিসি কালচার হাউজিং সোসাইটির ‘খ’ ব্লক, উত্তর আদাবর বায়তুল আমান হাউজিং, মনসুরাবাদ হাউজিং, শেখেরটেক, জনতা হাউজিং, শ্যামলী হাউজিংয়ের দুটি প্রকল্প, ঢাকা উদ্যান, নবোদয় হাউজিংয়ের তিনটি ব্লক, মনসুরাবাদ হাউজিং ইত্যাদি।
গতকাল রোববার উত্তর আদাবরের বায়তুল আমান হাউজিং এলাকায় কাউন্সিলর আবুল হাসেমের কার্যালয়ে গিয়ে তাঁর সাক্ষাৎ মেলেনি। দেখা যায়, সেখানে অন্তত ১০ জন সেবাপ্রার্থী বসে আছেন। আর তাঁর হয়ে সব কার্যক্রম চালাচ্ছেন কার্যালয়ের সচিব মাহবুবুল হক।
কাউন্সিলরের নিয়মিত অনুপস্থিতির অভিযোগের বিষয়ে জানতে চাইলে সচিব বলেন, ‘অভিযোগ অতটা সত্য না। মানুষের তো সুবিধা-অসুবিধা থাকতে পারে। তিনি (আবুল হাসেম) বেশ কিছুদিন ধরে অসুস্থ। তাই ঠিকমতো অফিসে আসতে পারেন না।’ এতে মানুষের সেবাপ্রাপ্তির ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে কি না, জানতে চাইলে মাহবুবুল হক বলেন, ‘সব তো আমিই সামলাচ্ছি। তিনি সব কিছুতে আগাম স্বাক্ষর দিয়ে রেখেছেন। আর যেসব ক্ষেত্রে তাঁকে ছাড়া একেবারেই কাজ হয় না, সে ক্ষেত্রে সেবাগ্রহীতাকে তাঁর বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। অনেকে হয়তো তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ করবেন, কিন্তু সেগুলো সত্য না।’
প্রথম আলোর নিয়মিত আয়োজনের অংশ হিসেবে সাক্ষাৎকারের সময় নিতে ১২ আগস্ট আবুল হাসেমের মুঠোফোনে যোগাযোগ করা হয়। তখন তিনি অসুস্থতার কথা জানিয়ে সাক্ষাৎকারের জন্য পরের সপ্তাহে যোগাযোগ করতে বলেন। সে অনুসারে শনিবার রাতে তাঁর মুঠোফোনে আবার যোগাযোগ করা হলে তিনি অসুস্থতার কথা জানান। এ সময় ফোনে সাক্ষাৎকার দেওয়ার অনুরোধ জানালে তিনি তা ফিরিয়ে দিয়ে প্রয়োজনীয় তথ্যের জন্য সচিবের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।
গতকাল সকাল সাড়ে ১১টার দিকে আদাবর ১ নম্বর এলাকায় কথা হয় স্থানীয় বাসিন্দা খন্দকার নুরুল ইসলামের সঙ্গে। ওয়ার্ডের সুবিধা-অসুবিধার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘যে এলাকায় কাউন্সিলরের দেখা পাওয়া যায় না, সেখানে আবার সুবিধা কিসের। একটা কাজের জন্য ১০ দিন ঘুরতে হয়। কোনো অভিযোগ জানানোর উপায় নেই।’
শেখেরটেক ৭ নম্বর রোডের বাসিন্দা পার্থ প্রতীম দাশ বলেন, ‘দুই মাস আগে নাগরিক সনদ নিতে আমার এক সপ্তাহ লেগেছে। কার্যালয়ে না পেয়ে পরপর দুই দিন বাড়িতে যাওয়ার পর তিনি সই করেছেন।’
এদিকে গতকাল ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বললে জলাবদ্ধতাসহ গ্যাস-পানি সংকটের মতো নানা সমস্যার কথা উঠে আসে। তাঁদের অভিযোগ, আশপাশের ওয়ার্ডগুলোতেও গত দুই বছরে যতটা উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে, তার অর্ধেকও এখানে হয়নি। পানির সমস্যা আছে বায়তুল আমান হাউজিংয়ের ৩, ৪, ৫ ও ৬ নম্বর সড়কে। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ হয়ে পড়ে পিসি কালচার হাউজিংয়ের ১ থেকে ৪ নম্বর সড়কের শেষ মাথা পর্যন্ত। একই সমস্যা রয়েছে রফিক হাউজিং এলাকায়। তবে সড়ক ও ড্রেনেজ-ব্যবস্থা ঢেলে সাজানোর কারণে ঢাকা হাউজিংয়ের ব্রিটিশ কলাম্বিয়া স্কুলের সামনের অংশে দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যার সমাধান হয়েছে।
এ ছাড়া গ্যাসের সমস্যার কথা বললেন শেখেরটেক ৬ নম্বর সড়কের বাসিন্দা আবুল মোমিন। বলেন, ‘সকালের পর থেকে বিকেল পর্যন্ত বেশির ভাগ দিন গ্যাস থাকে না। থাকলে কম চাপের কারণে তা দিয়ে রান্না করা সম্ভব হয় না।
এদিকে আদাবর থেকে অন্তত চারটি সড়ক মোহাম্মদপুর বেড়িবাঁধের সঙ্গে সংযুক্ত। সেগুলোর অবস্থাও খুব ভালো নয়।
এসব বিষয়ে জানতে চাইলে কাউন্সিলরের কার্যালয়ের সচিব মাহবুবুল হক প্রথম আলোকে বলেন, ‘বেড়িবাঁধের সঙ্গে সংযুক্ত সড়কগুলো সংস্কারের জন্য সিটি করপোরেশন কার্যালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। এ ছাড়া আমাদের পরবর্তী লক্ষ্য এলাকার প্রধান প্রধান সড়ক ও ড্রেনগুলোকে সংস্কারের আওতায় আনা, যাতে দীর্ঘমেয়াদি সমাধান নিশ্চিত করা যায়।’