কাউন্সিলে বিএনপি জেগে উঠবে: ফখরুল
১৯ মার্চ দলের জাতীয় কাউন্সিলের মধ্য দিয়ে বিএনপি আবার জেগে উঠবে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কাউন্সিলের প্রস্তুতি দেখতে গিয়ে সাংবাদিকদের এই কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, বিএনপির কাউন্সিল উপলক্ষে সারা দেশে সাড়া জেগেছে। বিএনপি পুনরায় জেগে উঠবে এবং এই কাউন্সিল অনন্য ভূমিকা রাখবে, নেতা-কর্মীরা নিশ্চিত। তিনি বলন, কাউন্সিল করতে বিএনপিকে অনেক বাধা-বিপত্তি অতিক্রম করতে হয়েছে। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে স্থান সংকুলান হচ্ছে না। বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানের একটি অংশ ব্যবহারের অনুমতি চেয়েছে। তাঁরা আশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে অনুমতি দেবে।
এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, কাউন্সিলে সারা দেশ থেকে ৮০০ কাউন্সিলর যোগ দেবেন।
আরেক প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, কাউন্সিলের দিন ‘স্যাবোটাজের’ কোনো আশঙ্কা তাঁরা করছেন না। সুষ্ঠুভাবে কাউন্সিল শেষ হবে এবং এ জন্য সরকারের সহায়তা চান তিনি।