কাউন্সিলে বিপর্যয় কাটানোর আশা ফখরুলের

সরকারের দমন-পীড়নের কারণে বিএনপি যে বিপর্যয়ের মুখে পড়েছে, কাউন্সিলের মাধ্যমে তা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর আশা প্রকাশ করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দলের আসন্ন ষষ্ঠ কাউন্সিলের জায়গার অনুমতি এখনো তাঁরা পাননি। আগামী ১৯ মার্চ কাউন্সিল করার জন্য তিনটি জায়গায় সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেছিল বিএনপি। এর মধ্যে বসুন্ধরা কনভেনশন সেন্টারের কর্তৃপক্ষ তাদের আবেদনর নাকচ করেছে। তিনি বলেন, বিএনপির কাউন্সিল অধিবেশনের তিন হাজার কাউন্সিলরের জন্য বড় হল রুম প্রয়োজন। এ জন্য বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র পেলে বিএনপির জন্য ভালো হয়। সেখানে অনুমতি পাবেন বলে তাঁরা আশা করছেন। না হলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে করার চিন্তা করছেন তারা।
মির্জা ফখরুল বলেন, কাউন্সিল ও জেলা সম্মেলনের মাধ্যমে দলের সাংগঠনিক তৎপরতা বেড়েছে, নেতা-কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। দলের স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকারের নেতৃত্বে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সব কমিটিগুলোও গঠন করা হয়েছে। তাঁরা পুরো দমে কাজ শুরু করেছে। বিএনপির জেলা সম্মেলনগুলোতে বাধা দেওয়ার অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, নানা প্রতিবন্ধকতার মধ্যেই তাঁদের কাজ করতে হচ্ছে।
মির্জা ফখরুল বলেন, দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদের নির্বাচন সুষ্ঠু হবে না জেনেও বিএনপি অংশ নিচ্ছে। দলীয় প্রতীকে ইউনিয়নর পরিষদ নির্বাচন গণতন্ত্রের জন্য সহায়ক হবে না।