কাউন্সিলের এক মাস পর কৃষক লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। গত রোববার সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. মোতাহার হোসেন মোল্লা ও সাধারণ সম্পাদক খোন্দকার শামসুল হক এ কমিটির অনুমোদন দেন। গতকাল মঙ্গলবার স্থানীয় নেতা-কর্মীরা বিষয়টি জানতে পারেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নতুন সবাই জেলা আওয়ামী লীগের সহসভাপতি চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ আলী আজগার টগরের অনুসারী হিসেবে পরিচিত। জেলা আওয়ামী লীগের সভাপতি চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দারের অনুসারীরা কমিটিতে স্থান পাননি।
কৃষক লীগ জেলা শাখার বিদায়ী সভাপতি আজিজুল হক বলেন, ‘কৃষক লীগের ত্যাগী নেতা-কর্মীরা গ্রুপিং রাজনীতির শিকার হয়েছেন। এতে কৃষি ও কৃষকের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে।’
তবে নবনির্বাচিত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবীর এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘কে কার অনুসারী, সেদিকে গুরুত্ব না দিয়ে যোগ্য, ত্যাগী ও প্রকৃত রাজনীতিকদের সমন্বয়ে কৃষক লীগের কমিটি গঠিত হয়েছে। এটাই কৃষকবান্ধব কমিটি।’
দলীয় সূত্রে জানা গেছে, ১৮ বছর পর গত ৯ এপ্রিল জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে কৃষক লীগ জেলা শাখার সম্মেলন হয়। সম্মেলন শেষে কাউন্সিল অধিবেশন শুরু হলে কমিটির নাম প্রস্তাব নিয়ে উত্তেজনা দেখা দেয়। কমিটি ঘোষণা ছাড়াই নেতারা মঞ্চ ছাড়েন। পরে মোমিনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দারকে সভাপতি ও জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান কবীরকে সাধারণ সম্পাদক করে ১২ এপ্রিল কেন্দ্র থেকে চিঠি দেওয়া হয়। চিঠিতে ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে ৩০ দিনের মধ্যে কেন্দ্রে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছিল। ৪ মে জেলা থেকে ৮১ সদস্যের একটি তালিকা কেন্দ্রে পাঠানো হয়।
৭ মে কেন্দ্রীয় কমিটি ৮১ সদস্যের কমিটি অনুমোদন দিয়েছে বলে নিশ্চিত করেছেন কেন্দ্রীয় কৃষক লীগের খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আতিকুল হক।
নতুন কমিটির সভাপতি গোলাম ফারুক জোয়ার্দ্দার; সহসভাপতি (সাতজন) তহিদুর রহমান, আকতার হোসেন, শাহ নওয়াজ কবীর, সেলিম উদ্দিন মল্লিক, হুমায়ুন কবীর, মো. খালেকুজ্জামান ও রাশেদুজ্জামান মালিক।