কাউন্সিলের জন্য সোহরাওয়ার্দী উদ্যানও চায় বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যানের একটি অংশও কাউন্সিলের জন্য বরাদ্দ দেওয়ার অনুরোধ করেছে বিএনপি। আজ সোমবার সকালে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই অনুরোধ করেন।
রিজভী বলেন, ‘সবচেয়ে দেরি করে সবচেয়ে ছোট জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে আমাদের কাউন্সিলের জন্য। বিএনপির মতো দেশের একটি বৃহত্তম রাজনৈতিক দলের পক্ষে এত ছোট পরিসরে কাউন্সিল অনুষ্ঠিত করা খুবই দুরূহ ব্যাপার। আমরা আবারও অনুরোধ করছি, কাউন্সিলর ও ডেলিগেটদের স্বাচ্ছন্দ্যে বসার জন্য বরাদ্দকৃত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের চৌহদ্দির পার্শ্ববতী সোহরাওয়ার্দী উদ্যানের একটি অংশ বরাদ্দ দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবারও অনুরোধ করছি।’
আগামী ১৯ মার্চ কাউন্সিল করছে বিএনপি। দলটি এর আগে সোহরওয়ার্দী উদ্যানসহ তিনটি জায়গায় কাউন্সিলের অনুমতি চেয়েছিল। সোহরাওয়ার্দী উদ্যানে কাউন্সিল করার অনুমতিও পেয়েছিল। কিন্তু ৩ মার্চ এক সংবাদ সম্মেলনে রিজভী জানান, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন কর্তৃপক্ষ তাদের কাউন্সিল করার জন্য অনুমতি দিয়েছে। তাই তাঁরা সোহরাওয়ার্দী উদ্যানে যাবেন না। সোহরাওয়ার্দী উদ্যানে কাউন্সিল করতে গণপূর্ত অধিদপ্তরে যে আবেদন বিএনপি করেছিল, তা ‘প্রত্যাহার’ করে নেওয়া হচ্ছে বলেও জানিয়েছিলেন রিজভী।