সাড়ে ১০ বছর পর কাউন্সিল হলেও প্রাণসঞ্চার হয়নি পঞ্চগড় জেলা আওয়ামী লীগে। আর কাউন্সিলের সাত মাস পেরিয়ে গেলেও পূর্ণাঙ্গ কমিটি হয়নি। তবে নতুন নেতৃত্ব নিয়ে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে নেতা-কর্মীদের মধ্যে। আবার পূর্ণাঙ্গ কমিটির পর অনেকে নতুন করে কোন্দলের আশঙ্কাও করছেন।
গত ৭ জানুয়ারি জেলা আওয়ামী লীগের কাউন্সিলে প্রত্যক্ষ ভোটে পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের সাংসদ মো. নুরুল ইসলাম সভাপতি পদে পুনর্নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত এবং সাবেক সাংসদ ও সাবেক সাধারণ সম্পাদক মো. মজাহারুল হক প্রধান সমানসংখ্যক ভোট পান। ফলে তাৎক্ষণিকভাবে সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়নি। গত ১৫ এপ্রিল দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় আনোয়ার সাদাতকে সাধারণ সম্পাদক হিসেবে অনুমোদন দেওয়া হয়। আর মজাহারুল হক প্রধানকে জ্যেষ্ঠ সহসভাপতি করা হয়। এরপরই একসময়ের প্রভাবশালী নেতা মজাহারুল হক প্রধান কিছুটা কোণঠাসা হয়ে পড়েন।
দলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০০৮ সালে দল ক্ষমতায় আসার পর মো. নুরুল ইসলাম ও মজাহারুল হক প্রধানের অনুসারীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন। জাতীয় ও দলীয় নানা কর্মসূচিও তাঁরা আলাদাভাবে পালন করেন। কমিটি- পাল্টা কমিটি গঠনের ঘটনাও ঘটে। তবে কাউন্সিলের পর সেই কোন্দল আপাতত দৃশ্যমান নেই। তবে পূর্ণাঙ্গ কমিটি গঠন হলে পুরোনো কোন্দল নতুন করে ও নতুন রূপে মাথাচাড়া দিতে পারে বলে অনেকের আশঙ্কা।
ইতিমধ্যে মজাহারুল হক প্রধানকে ঘিরে একটি পক্ষের নানা তৎপরতা বিষয়ে নেতা-কর্মীদের মধ্যে আলোচনা আছে। সাধারণ সম্পাদক হিসেবে আনোয়ার সাদাতের নাম ঘোষণার পর তিনি আটোয়ারী ও তেঁতুলিয়া উপজেলায় গিয়ে আগামী সংসদ নির্বাচনে নিজের মনোনয়ন পাওয়ার সম্ভাবনার কথা জানিয়ে নেতা-কর্মীদের তাঁর সঙ্গে থাকার অনুরোধ জানিয়েছেন। ওই দুই উপজেলার নেতারা এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এ প্রসঙ্গে মজাহারুল হক প্রধান বলেন, ‘আমাকে নিয়ে কোনো পক্ষ তৎপরতা চালাচ্ছে বলে আমার জানা নেই। আমি কোনো অংশকে পৃষ্ঠপোষকতা দিচ্ছি না। সভাপতির অসহযোগিতার কারণে গত ১০ বছরে জেলা আওয়ামী লীগের নিয়মিত সভা করা সম্ভব হয়নি।
জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম বলেন, কমিটি সর্বজনীন হলে কোন্দল মিটবে। তা না হলে এই কোন্দল আরও বেড়ে যাবে। সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্বাস আলী বলেন, নতুন কমিটি না হওয়া পর্যন্ত কোনো মন্তব্য করা যাচ্ছে না।
দলীয় নেতা-কর্মীদের মতে, বর্তমানে পূর্ণাঙ্গ জেলা কমিটি না থাকায় তেমন কোনো সাংগঠনিক কার্যক্রম নেই। কেবল দিবসভিত্তিক কর্মসূচিগুলো পালন করা হয়। নুরুল ইসলাম সুপ্রিম কোর্টের আইনজীবী হওয়ায় অধিকাংশ সময় ঢাকায় থাকেন। তাঁর সঙ্গে মুঠোফোনে পরামর্শ করে সাধারণ সম্পাদক এসব কর্মসূচি পালন করেন। পঞ্চগড়ে এলেও তিনি নিজ এলাকায় ব্যস্ত থাকেন। তবে, ছিটমহল বিনিময় চুক্তি বাস্তবায়নের ঘোষণা আসার পর সভাপতি ও সাধারণ সম্পাদক ছিটমহলগুলোতে নানা কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। এ ছাড়া গত ১০ জুন সভাপতি বোদা উপজেলার ময়দানদীঘির বাসভবনে জেলা কমিটির সাবেক নেতা, পাঁচ উপজেলা ও পৌরসভা কমিটির শীর্ষ নেতাদের বৈঠক ডাকেন। বৈঠকে জেলা কমিটি গঠনে উপস্থিত নেতাদের পরামর্শ ও মতামত নেওয়া হয়।
জানা গেছে, দল ক্ষমতায় আসার পর নেতা-কর্মীদের একটি অংশ দরপত্র ও ঠিকাদারি সিন্ডিকেট এবং টিআর-কাবিখার সুবিধা নিয়ে নিজেদের আখের গোছাতে ব্যস্ত আছেন। বর্তমানেও এ অবস্থার তেমন কোনো পরিবর্তন ঘটেনি। সম্প্রতি কেউ কেউ কৃষক বা মধ্যস্বত্বভোগী হিসেবে সরকারি গুদামে গম সরবরাহের কাজ করেন।
পঞ্চগড় পৌর আওয়ামী লীগের সভাপতি মো. সফিকুল ইসলাম অভিযোগ করেন, এখন কোনো রাজনীতি নেই। নেতা-কর্মীরা সরকারি গুদামে গম দিতে ব্যস্ত।
দলের কার্যালয়ে ও ব্যক্তিগত কার্যালয়ে নেতা-কর্মীদের সময় দিচ্ছেন দাবি করে আনোয়ার সাদাত প্রথম আলোকে বলেন, ‘রাজনীতিকে গণমুখী করতে আমরা কাজ করে যাচ্ছি। মতপার্থক্য ভুলে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করছি। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রে জমা দেওয়া হবে। তা অনুমোদন পেলেই জেলা আওয়ামী লীগের কর্মকাণ্ড আরও চাঙা হবে।’
মো. নুরুল ইসলাম প্রত্যাশা অনুযায়ী নেতা-কর্মীদের সময় দিতে না পারার কথা স্বীকার করে বলেন, ‘আগের কমিটির সাধারণ সম্পাদক পঞ্চগড় সদর আসনের সাংসদ ছিলেন বলে দলীয় কার্যক্রমে বেশি ভূমিকা রাখিনি। তবে তরুণ সাধারণ সম্পাদক এবং নবীন-প্রবীণ নেতাসহ বিভিন্ন পেশাজীবীদের নিয়ে যে জেলা কমিটি করা হবে, তাতে জেলার রাজনীতিতে নতুন প্রাণের সঞ্চার হবে। রাজনীতিতে গুণগত পরিবর্তনও আসবে।’